
জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিত একটি প্রতারক চক্র। গতকাল রোববার বিকেলে গোপনে সংবাদ পেয়ে কষ্টিপাথরের অর্ধকোটি টাকার একটি বিষ্ণুমূর্তিসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া এলাকা থেকে কষ্টিপাথরের মূর্তিসহ তাঁদের গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালাই পৌরসভার আকন্দপাড়ার আবদুল আলীম (৩২), কালাই পূর্বপাড়ার জহুরুল ইসলাম (৪৪) ও ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের মেহেদী হাসান (৩২)। এ সময় তাঁদের কাছ থেকে ৪০ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি, মুঠোফোন, মোটরসাইকেল, টাকা জব্দ করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ একটি প্রতারক চক্র কষ্টিপাথরের মূর্তি দেখিয়ে দেশের বিভিন্ন স্থানে লোকজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান বলেন, আসামিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে জয়পুরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আজ সোমবার তাঁদের আদালতে পাঠানো হবে। তিনি মূর্তির বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। আকার ও ওজন অনুযায়ী, এর বাজারমূল্য ৫০-৬০ লাখ টাকা হতে পারে।