৩১ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৮০৯ টাকা ব্যয়ে আধুনিক শিশু হাসপাতালটি নির্মাণ করে ঢাকার দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
১ একর ৭৮ শতাংশ জমির মধ্যে শিশু হাসপাতালটি নির্মাণ করা হয়।
১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা শুরুর দাবি জানিয়েছেন রংপুরবাসী।
মূল ভবনের প্রথম তলায় থাকবে ইমার্জেন্সি, আউটডোর, চিকিৎসকদের চেম্বার ও ল্যাব।
চিকিৎসকসহ জনবল নিয়োগ না হওয়া ও যন্ত্রপাতি না থাকায় রংপুরে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল নির্মিত হলেও চিকিৎসাসেবা চালু হচ্ছে না। দ্রুত লোকবল নিয়োগ দিয়ে হাসপাতালটির সেবা কার্যক্রম চালুর দাবি জানানো হয়েছে বিশিষ্ট নাগরিক সংগঠনের পক্ষ থেকে।
রংপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, রংপুরের তৎকালীন সদর হাসপাতালের ১ একর ৭৮ শতাংশ জমির মধ্যে শিশু হাসপাতাল নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০১৭ সালের ২১ নভেম্বর। ৩১ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৮০৯ টাকা মূল্যের সেই কাজ ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মল্লিক এন্টারপ্রাইজ ও মেসার্স অনিক ট্রেডিং করপোরেশন নির্মাণ করে। তিনতলা মূল হাসপাতাল ভবনের প্রতি তলার আয়তন ২০ হাজার ৮৮২ দশমিক ৯৭ বর্গফুট। নির্মাণ করা হয়েছে চারতলা ভিত্তির তিনতলা সুপারিনটেনডেন্ট কোয়ার্টার। সিঁড়ি বাদে প্রতি তলার আয়তন দেড় হাজার বর্গফুট। ছয়তলা ডক্টরস কোয়ার্টারের নিচতলায় গাড়ি পার্কিং, দ্বিতীয় তলা থেকে ডাবল ইউনিট। আছে ছয়তলাবিশিষ্ট স্টাফ অ্যান্ড নার্স কোয়ার্টার। দুইতলাবিশিষ্ট গ্যারেজ কাম ড্রাইভারস কোয়ার্টার। নিচে দুটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে সেখানে। বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের জন্যও নির্মাণ করা হয়েছে একটি ভবন।
রংপুরের বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী মফিজুল ইসলাম। তিনি শিশু হাসপাতাল নির্মাণের জন্য বছরের পর বছর ধরে সচেতন নাগরিকদের নিয়ে আন্দোলন করেছেন। করেছেন মানববন্ধন ও সমাবেশ। চিকিৎসক মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, রংপুর বিভাগীয় শহর হওয়ায় এখানে আশপাশের জেলা থেকেও শিশু রোগীরা চিকিৎসার জন্য আসে। তাদের উন্নত চিকিৎসার প্রয়োজনে সরকার এখানে একটি আধুনিক ১০০ শয্যার শিশু হাসপাতাল নির্মাণ করল ঠিকই, কিন্তু সেখান এখনো লোকবল নিয়োগ হলো না, যন্ত্রপাতিও এল না। তাই যত দ্রুত সম্ভব শিশু হাসপাতালটি চালু করতে যা যা প্রয়োজন, তা করার দাবি জানাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিশু হাসপাতালের মূল ভবনের প্রথম তলায় থাকবে ইমার্জেন্সি, আউটডোর, চিকিৎসকদের চেম্বার ও ল্যাব। দ্বিতীয় তলায় অপারেশন থিয়েটার এবং তৃতীয় তলায় ওয়ার্ড ও কেবিন থাকবে। নবনির্মিত হাসপাতাল ভবনটি আনুষ্ঠানিকভাবে জেলা সিভিল সার্জনকে ২০২০ সালের ৮ মার্চ হস্তান্তর করা হয়েছে। কিন্তু ওই বছর করোনার প্রাদুর্ভাব বাড়ায় ভবনটিকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়। এখন সেখানে করোনা রোগীদের চাপ নেই। এ কারণে কাঙ্ক্ষিত ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা শুরুর দাবি জানিয়েছেন রংপুরবাসী।
সচেতন নাগরিক কমিটির (সনাক) রংপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম বলেন, শিশু হাসপাতালটি এভাবে পড়ে থাকলে পরিত্যক্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। দ্রুত জনবল নিয়োগ দিয়ে শিশু হাসপাতালটিতে সেবা কার্যক্রম চালু এখন সময়ের দাবি। এখানে শিশুদের চিকিৎসাসেবার কাজ শুরু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শরীফুল আলম প্রথম আলোকে বলেন, বিশিষ্ট শিশুবিশেষজ্ঞ নিয়োগ, নার্সসহ জনবল নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই সঙ্গে আধুনিক কী কী যন্ত্রপাতি প্রয়োজন, তা-ও দেখতে হবে। এ জন্য খুব শিগগির সভা করে চাহিদার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হবে। তবে কবে নাগাদ সভা করা হবে, এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।