বেনাপোল সীমান্তবর্তী মাঠে পড়ে ছিল যুবকের লাশ

লাশ
প্রতীকী ছবি

যশোরের বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর এলাকার ভারতীয় সীমান্তবর্তী একটি মাঠ থেকে এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর এলাকার এড়েখাল মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম–পরিচয় জানতে পারেনি পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, আজ সকালে রঘুনাথপুর সীমান্ত থেকে আনুমানিক ১ হাজার ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এড়েখাল মাঠের পানির মধ্যে লাশটি পড়ে ছিল। পরনে কোনো পোশাক ছিল না। তবে বুকে আড়াআড়িভাবে একটি গামছা প্যাঁচানো ছিল। লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকার লোকজন। এরপর বেনাপোল বন্দর থানা থেকে পুলিশ গিয়ে দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে।

জানতে চাইলে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর নিতম্বে কালশিটে দাগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, লাশের নাম–পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।