কিশোরকে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা

হত্যা
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালী উপজেলায় এক কিশোরকে গলা কেটে হত্যা করে তার ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল আটটার দিকে জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামের মধুখালী-কাদিরদি সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই কিশোরের নাম জিহাদ শেখ ওরফে জয় (১৬)। সে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া মধ্যপাড়া গ্রামের মৃত লালু শেখের ছেলে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ বছর আগে জিহাদ শেখের বাবা লালু শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর জিয়াদের মা বিদেশে কাজ করতে চলে যান। দুই ভাই বোনের মধ্যে সে ছোট।

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, গত মঙ্গলবার রায়পুর বাজারে হাটের দিন ছিল। জিহাদ ভাড়া টানার জন্য একটি ব্যাটারিচালিত ভ্যান নিয়ে দুপুরে বাড়ি থেকে বের হয়। এরপর সারা রাত সে বাড়িতে ফিরে যায়নি। ধারণা করা হচ্ছে, জিহাদের ভ্যানটি ছিনতাই করতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। ধারালো অস্ত্র দিয়ে জিহাদের গলায় আঘাত করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, মধুখালী-কাদিরদি সড়কের পূর্ব পাশের একটি খাদে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে মধুখালী থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে মধুখালী থানায় একটি হত্যা মামলা করা হবে।