গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অজ্ঞাতনামা এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় তাঁকে হত্যা করা হয়।
নিহত তরুণের পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ২৫ বছর। নিহত তরুণের পরনে কালো প্যান্ট, সাদা গেঞ্জি, কালো শার্ট ও কালো সোয়েটার ছিল। তাঁর মুখে দাড়ি আছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, চন্দ্রা ত্রিমোড় এলাকার উড়ালসড়কের পূর্ব পাশে সড়কের ওপর চার-পাঁচজনের একদল দুর্বৃত্ত ওই তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহত তরুণের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা-পুলিশ।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নিহত তরুণের পরিচয় পাওয়া যায়নি। কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।