
জামালপুরে সারের দাবিতে কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে মানববন্ধনে অংশ নেওয়ায় আওয়ামী লীগের এক নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মো. সাইদুর রহমান। তিনি সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।
আজ শুক্রবার সকালে তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শামীম ইয়াজদানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাইদুর রহমানকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
ছয় দিন ধরে জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে সার নিয়ে বিশৃঙ্খলা চলছে। উপজেলার কোথাও চাহিদামতো সার না পাওয়ার অভিযোগ করে আসছিলেন কৃষকেরা। অনেক জায়গায় আবার সারই পাচ্ছিলেন না কৃষকেরা। এমন অবস্থায় সারের দাবিতে প্রথম গত রোববার উপজেলার শরিফপুর বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কৃষকেরা। পরদিন উপজেলার নান্দিনা বাজার এলাকায় আবারও একই মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। একই দাবিতে তুলশীরচর ইউনিয়নের গাড়ামারা এলাকায় গত বুধবার বিকেলে কৃষকেরা মানববন্ধন করেন। ওই মানববন্ধনে অংশ নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা মো. সাইদুর রহমান।
ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইদুর রহমান বুধবার তুলশীরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাড়ামারা গ্রামের সড়কে সারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে কিছু অসাধু ব্যক্তিকে সঙ্গে নিয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের ডেকে এনে সাইদুর সরকারবিরোধী বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে এসব ‘কর্মকাণ্ড’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেছেন।
সাইদুর দায়িত্বশীল পদে থেকে সংগঠন ও সরকারবিরোধী পদক্ষেপ নিয়ে দায়িত্বের অবমর্যাদা করছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আপনার (সাইদুর) মনগড়া এমন কর্মকাণ্ড সংগঠনবিরোধী কাজ। আপনার (সাইদুর) এ কাজ সংগঠনবিরোধী হওয়ায় আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ তুলশীরচর ইউনিয়ন শাখার ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’ সেই সঙ্গে কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সেই বিষয়ে উপযুক্ত কারণসহ আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দায়িত্বশীল পদে থেকে সরকারবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ায় সাইদুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতাদের চাপ থাকায় তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।