আগুনে দুজনের মৃত্যু

ভেড়ামারার ফিলিং স্টেশনটিতে বেশ অসংগতি ছিল: ফায়ার সার্ভিস

আগুন
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা ফিলিং স্টেশনে গতকাল শুক্রবার আগুনে পুড়ে মারা যাওয়া দুজনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি বলে পুলিশ জানিয়েছে।

আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, খুব অল্প সময়ে আগুন জ্বলে ওঠে। এতে সেখানে থাকা দুজন মারা যান। আহত হন দুজন। ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ফিলিং স্টেশনের মালিক, কর্মকর্তা বা শ্রমিকদের দেখা পাননি। এ ছাড়া ফিলিং স্টেশনে বেশ কিছু অসংগতি দেখা গেছে।

শুক্রবার রাত পৌনে আটটার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের পাশে দফাদার ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে মারা যান দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের সাহাজ উদ্দীনের ছেলে সাহাজুল ইসলাম ও একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে বিজয় প্রামাণিক। বিজয় সম্পর্কে সাহাজুলের আপন মামাতো ভাই।

আজ বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গের সামনে কথা হয় সাহাজুলের ছোট ভাই রাজন আলীর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, সাহাজুল পেশায় মুদিদোকানি। সন্ধ্যায় বিজয়কে নিয়ে গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে দফাদার ফিলিং স্টেশনে যান। দোকানে বিক্রির জন্য সেখান থেকে প্রতি সপ্তাহে ব্যারেল ও প্লাস্টিক কনটেইনারে করে ডিজেল ও পেট্রল কিনে আনেন। ফিলিং স্টেশনে যাওয়ার পর তাঁরা ডিজেল নেন। কিন্তু পেট্রল শেষ হয়ে গেছে বলে তাঁরা জানতে পারেন। একপর্যায়ে ফিলিং স্টেশনের লোকজন রিজার্ভ ট্যাংক এরিয়ায় গিয়ে এক ট্যাংক থেকে আরেক ট্যাংকে তেল নিচ্ছিলেন। এ সময় তেল দিতে দেরি হওয়ায় সাহাজুল ও বিজয় ওই এলাকায় গিয়ে খুব কাছ থেকে সেটা দেখতে থাকেন। একপর্যায়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে তাঁরা দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। সাহাজুলের স্ত্রী ও দেড় বছরের এক সন্তান আছে।

বিজয়ের চাচা ওমর ফারুক বলেন, বিজয় স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সাহাজুল ও বিজয় একসঙ্গে চলাফেরা করে। দাফনও গ্রামের কবরস্থানে পাশাপাশি দেওয়া হবে।

কেন, কীভাবে আগুন লাগল, এ বিষয়ে জানতে চাইলে ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে খবর পাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে তিনিসহ কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। মাত্র ৮ থেকে ৯ মিনিটের মধ্যে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। পৌঁছানোর পর আগুন দেখতে পেয়ে একধরনের পদার্থ ব্যবহার করে মাত্র দেড় মিনিটে আগুন নেভাতে সক্ষম হন। তেলের আগুনে পানির পরিবর্তে বিশেষ ধরনের পদার্থ ব্যবহার করেন তাঁরা।

শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তাঁরা ফিলিং স্টেশনের কাউকে খুঁজে পাননি। এতে ঘটনাস্থলের বিবরণ পেতে তাঁদের বেগ পেতে হয়। আগুন লাগার বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাধারণত পাম্পের ট্যাংক এলাকার বাতাসে তেল ভাসতে থাকে। ওই ট্যাংকের ওপর দিয়ে বিদ্যুতের বেশ কয়েকটি তার আছে। কোনো কারণে বিদ্যুতের তারে স্ফুলিঙ্গ হলে বাতাসে থাকা তেলের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। এতে খুব কাছে থাকা ব্যক্তিরা দগ্ধ হন। ঘটনাস্থলে বিদ্যুতের খুঁটির দুটি তার পড়ে থাকতে দেখা যায়। আগুনে ট্যাংকের ভেতরে তেমন কোনো ক্ষতি হয়নি।

এই কর্মকর্তা বলেন, ট্যাংক এলাকায় বাইরের সাধারণ লোক যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাঁরা কীভাবে গেলেন, সেটা ফিলিং স্টেশনের লোকজন ভালো বলতে পারবেন। আর ট্যাংকের ওপর দিয়ে বিদ্যুতের তার থাকার কথা না। কিন্তু সেখানে তার ছিল। সব মিলিয়ে বেশ কিছু অসংগতি চোখে পড়েছে।

এ ব্যাপারে জানতে দফাদার ফিলিং স্টেশনের মালিক জুয়েল আহমেদের মোবাইলে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া গেছে। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, চিকিৎসাধীন আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।