নরসিংদীতে খায়রুল কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

খায়রুল কবির খোকন
খায়রুল কবির খোকন

নরসিংদীতে ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের মিছিলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। উচ্চ আদালতের দেওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা শেষ হয় গত শনিবার।

আজ বৃহস্পতিবার তাঁর আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন চাওয়ার নির্ধারিত তারিখ। কিন্তু আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করা হলে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর জেলা ও দায়রা জজ মোশতাক আহমেদ এই আদেশ দেন। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম ও আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম। আজ খায়রুল কবির খোকন আত্মসমর্পণ করতে আসবেন, এমন খবরে সকাল থেকেই আদালত চত্বর ও আশপাশের সড়কে ব্যাপক পুলিশি তৎপরতা দেখা গেছে।

গত ২৫ মে বিকেল সাড়ে চারটার দিকে শহরের জেলখানা মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঢোকার পথে দুর্বৃত্তের ছোড়া গুলিতে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান ও তাঁর অনুসারী আশরাফুল হক (২২) নিহত হন। এ ঘটনায় নিহত ছাদিকুরের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, তাঁর স্ত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ এবং ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পাওয়া বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবিরের জামিনের মেয়াদ শেষ হয়েছে গত শনিবার। এর দুই দিন আগে গত বৃহস্পতিবার নরসিংদী আদালতে আত্মসমর্পণ করে তিনি স্থায়ী জামিনের আবেদন করেন। সেদিন আদালত আজ জামিন শুনানির তারিখ নির্ধারণ করে আদালতে উপস্থিত হওয়ার আদেশ দেন। কিন্তু খায়রুল কবির খোকন আজ আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করেন। পরে জেলা ও দায়রা জজ মোশতাক আহম্মেদের আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে গত বৃহস্পতিবার খায়রুল কবির খোকন যাতে আদালত প্রাঙ্গণে ঢুকতে না পারেন, সে জন্য জেলা ছাত্রদলের বহিষ্কৃত জ্যেষ্ঠ সহসভাপতি মাইন উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। ওই দিন সকাল ৯টা থেকে কাফনের কাপড় গায়ে জড়িয়ে তারা স্টেডিয়াম–সংলগ্ন সড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় খায়রুল কবিরের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তাঁরা সুপ্রিম কোর্টের আইনজীবীদের বহনকারী তিনটি গাড়ি ভাঙচুর এবং পাঁচ আইনজীবীকে মারধর করেন। বেলা দুইটার পর পুলিশের সহযোগিতায় আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন খায়রুল কবির।

বাদীপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম বলেন, ‘উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ আদালতে খায়রুল কবির খোকনের জামিন শুনানির নির্ধারিত তারিখ ছিল। আদালতে আত্মসমর্পণ না করে তিনি আইনজীবীর মাধ্যমে সময় বৃদ্ধির আবেদন করেন। এই আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আমরা সন্তুষ্ট হয়েছি।’

আসামীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, আজ খায়রুল কবির খোকনের পক্ষে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আদালতে আত্মসমর্পণের জন্য সময় চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত এই আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এদিকে জামিন শুনানিতে অংশ নিতে খায়রুল কবির খোকন আদালতে আসবেন, এমন খবরে আদালত প্রাঙ্গণ ও সংলগ্ন সড়কে ব্যাপক পুলিশি তৎপরতা দেখা গেছে। সকাল থেকেই আদালতের দুটি প্রবেশমুখে ব্যাপক পুলিশ অবস্থান নেয়। এ ছাড়া সড়কটির দুই প্রান্তে জেলা ও দায়রা জজের বাসভবন থেকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ব্যারিকেড দিয়ে যানবাহন ও লোকজনের চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এতে আদালতে হাজিরা দিতে আসা শত শত ব্যক্তি ও জেলা প্রশাসকের কার্যালয়ে কাজে আসা লোকজন ভোগান্তিতে পড়েন। পরে বেলা একটার দিকে দুই জায়গার ব্যারিকেড উঠিয়ে নেয় পুলিশ।

জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বলেন, ‘জোড়া হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি খায়রুল কবির খোকন জামিন চাইতে এলে একটি পক্ষ ঝামেলা করতে পারে, এমন গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ আদালত চত্বর ও সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছে।’

গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ওই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাইন উদ্দিন ভূঁইয়াকে জ্যেষ্ঠ সহসভাপতি পদ দেওয়া হয়। এতে তাঁর অনুসারী নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেন এবং পরে ভাঙচুর করেন। এরপর কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেন পদবঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় ২৫ মে বিকেলে পদবঞ্চিত নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রা বের করলে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হন।