
বান্দরবানের থানচি উপজেলার তিন্দুবাজার এলাকায় পর্যটকবাহী একটি জিপগাড়ি (স্থানীয়ভাবে চাঁদের গাড়ি নামে পরিচিত) খাদে পড়ে দুই পর্যটক ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আজ সোমবার বিকেল পৌনে চারটায় এই দুর্ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম আলোকে বলেন, আটজনের একটি পর্যটক দল চাঁদের গাড়িতে করে আলীকদম থেকে তিন্দুবাজারের দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি খাদে পড়ে যায়। তিন্দু ইউনিয়ন পরিষদের সদস্য ক্রানি অং মারমা জানিয়েছেন, তিন্দুবাজারের মাত্র আধা কিলোমিটার আগে খাড়া পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। তিন্দুবাজারটি সাঙ্গুনদের রাজাপাথর বা বড়পাথর এলাকায়। সাঙ্গুর উজানে রাজাপাথর হয়ে রেমাক্রী এবং নাফাখুমে ভ্রমণের জন্য পর্যটকেরা এই পথে যাতায়াত করেন।
ঘটনাস্থল থেকে ফল ব্যবসায়ী মো. বেলাল থানচির স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, নিহত দুজন হচ্ছেন মো. জসীম ও মো. জিয়াবুল। তাঁদের বাড়ি কক্সবাজারের খুটাখালী। আহত ব্যক্তিরা হলেন মো. রাসেল, লিটন শিকদার, কাদের হোসেন, শাহজালাল হোসেন, মো. লিটন।
বিজিবি বলীপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তিন্দু বিজিবি ক্যাম্পের ৬০০ মিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করে আলীকদম স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। নিহত দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
থানচি থানার ওসি কানন সরকার জানিয়েছেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার জন্য তাঁরা তিন্দু যাচ্ছেন। সেখানে গেলে দুর্ঘটনার ব্যাপারে আরও বিস্তারিত জানাতে পারবেন।