
নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ তুলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মহাসড়ক অবরোধের কারণে দুই পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের দেওয়া আশ্বাসে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয় বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষিনির্ভর এলাকায় পরিবেশের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে মাছ ও মুরগির খাবার উৎপাদন করে আসছিল দুটি প্রতিষ্ঠান। এসব কারখানার পানিনিষ্কাশন ব্যবস্থা না থাকায় আশপাশের কৃষিজমিতে চাষাবাদ বাধাগ্রস্ত হয়ে আসছে। স্থানীয় কৃষকেরা এ বিষয়ে উভয় কর্তৃপক্ষকে জানালেও সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো কারখানা দুটি বিভিন্ন সময় পুলিশের মাধ্যমে হয়রানি করে আসছিল। এরই অংশ হিসেবে গতকাল বুধবার একটি কারখানার করা মিথ্যা মামলায় স্থানীয় কৃষক শাহিন মিয়াকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। এ কারণে স্থানীয় ক্ষুব্ধ কৃষকেরা আজ মহাসড়ক অবরোধ করেন।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সম্প্রতি কারখানাগুলোয় হামলা ও ভাঙচুরের অভিযোগে তিন দিন আগে থানায় মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে ওই কৃষককে গ্রেপ্তার করা হয়।
এক সপ্তাহের মধ্যে কারখানা কর্তৃপক্ষসহ সব পক্ষ নিয়ে বসে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে বলে জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি, উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।