ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি আটক

আটক নেজাম উদ্দিন
ছবি: প্রথম আলো

ফেনীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর নাম নেজাম উদ্দিন (৪২)। বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে।

আজ মঙ্গলবার বিকেলে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার থেকে তাঁকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নম্বরসহ একটি ডায়েরি ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, নেজাম উদ্দিনের প্রতারণার বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। তাঁর বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, ওই ব্যক্তি ফেনী সদর উপজেলার শরিষাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জানে আলম ভূঁইয়ার মুঠোফোনে কল করে নিজেকে সেতুমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দেন। একপর্যায়ে তাঁর কাছে টাকা দাবি করেন। এতে তাঁর (ইউপি চেয়ারম্যান) সন্দেহ হলে তিনি ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে বিষয়টি জানান। সংসদ সদস্য বিষয়টি থানায় জানানোর পর পুলিশ তাঁকে আটক করে।

ইউপি চেয়ারম্যান জানে আলম প্রথম আলোকে বলেন, নেজাম উদ্দিন নিজেকে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী পরিচয় দেন, অথচ তিনি তা নন। এভাবে সেতুমন্ত্রীর নাম ভাঙিয়ে জনপ্রতিনিধি, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দলীয় নেতা–কর্মীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি ইউপি চেয়ারম্যানের কাছে টাকা দাবি করেছেন জানার পর তিনি সেতুমন্ত্রীকে কল করেন। সেতুমন্ত্রী জানান, এই নামে তাঁর কোনো ব্যক্তিগত সহকারী নেই। তাঁকে পুলিশে দেওয়ার কথা বলেন ওবায়দুল কাদের।