শেষ সময়ের কাজে ব্যস্ত প্রতিমাশিল্পী শ্যামল রায়। গত রোববার ঠাকুরগাঁও শহরের হলপাড়া দুর্গাবাড়ি মন্দিরে
শেষ সময়ের কাজে ব্যস্ত প্রতিমাশিল্পী শ্যামল রায়। গত রোববার ঠাকুরগাঁও শহরের হলপাড়া দুর্গাবাড়ি মন্দিরে

ঠাকুরগাঁও শহর

দম ফেলার ফুরসত নেই প্রতিমাশিল্পীদের

প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে অনেক আগেই। রংতুলির কাজও শেষ। অলংকারে ঝলমল করছে প্রতিমার মুখ। কিন্তু এত কিছুও তৃপ্ত করতে পারছে না প্রতিমাশিল্পী শ্যামল রায়কে। কোথায় যেন কিছু একটার ঘাটতি রয়ে গেছে। শ্যামলের কপালে তাই চিন্তার ভাঁজ, বসে পড়লেন তিনি। হঠাৎ দাঁড়িয়ে হাতের তুলিতে হালকা গোলাপি রং মিশিয়ে মেখে দিলেন দুই গালে। এতেই চোখেমুখে ফুটে উঠল তৃপ্তির হাসি।

আর এক দিন পরই শারদীয় দুর্গোৎসব। প্রতিমাশিল্পীদের এখন দম ফেলার ফুরসত নেই। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহর ও আশপাশের কয়েকটি মণ্ডপে কথা হয় প্রতিমাশিল্পীদের সঙ্গে।

শহরের হলপাড়া দুর্গাবাড়ি মন্দিরে প্রতিমা রং করার কাজ প্রায় শেষ। কথা বলতে গেলে প্রতিমাশিল্পী শ্যামল রায় (৩৫) বলেন, ‘এখনো তিনটা প্রতিমা রং করা বাকি। ব্যস্ততা বুঝতেই পারছেন।’

শ্যামল রায়ের বাড়ি সদর উপজেলার দেওগাঁও গ্রামে। বাবা আনন্দ রায়ের হাত ধরে প্রতিমা তৈরির কাজ শেখা। ২০২০ সালে আনন্দ রায় মারা যান। সেই থেকে একাই কাজ করছেন তিনি। শ্যামলের এক ছেলে ও এক মেয়ে। সারা বছর প্রতিমা তৈরি করেই চলে তাঁর সংসার। তবে ছেলে–মেয়ে এ পেশায় আসুক, শ্যামল রায় তা চান না। ওদের পড়ালেখা করাতে চান।

শ্যামল বলেন, প্রতিমা তৈরিতে খরচ বেড়েছে। এ পেশায় আর সংসার চলে না। তার ওপর আয়োজকেরা প্রতিমা তৈরির টাকা বকেয়া রাখেন। সেটা তুলতেও ঘুরতে হয়। কেউ তাঁদের কষ্টের কথা শুনতে চান না। তবু মায়ের টানে প্রতিমা তৈরিতে চলে আসেন। কাজ শেষে ভক্তরা যখন প্রশংসা করেন, তখন সব কষ্ট ভুলে যান। এবার আটটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ করছেন তিনি। প্রতিমা তৈরিতে সর্বোচ্চ ৪৫ হাজার আর সর্বনিম্ন ২০ হাজার টাকা মজুরি পান তাঁরা।

সদর উপজেলার ফাঁড়াবাড়ি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ করছেন পার্বতীপুরের বাবু রাম। সেখানে তাঁর সঙ্গে আরও আট কারিগর কাজ করছেন। বাবু রাম বলেন, একেকটি প্রতিমা তৈরিতে ২০ থেকে ২৫ দিন লেগে যায়। এখন আগের মতো লাভ থাকে না। প্রতিমা তৈরিতে বিশেষ ধরনের মাটি লাগে। এ ছাড়া বাঁশ, খড়, শণ, সুতলি, রং, অলংকার সেটসহ নানা উপকরণ লাগে। গত বছর যে মাটির দাম ছিল ৪০০ টাকা ছিল, এবার সেটা বেড়ে ৭০০ টাকা হয়েছে। ২০০ টাকার বাঁশ এখন ৪০০ টাকা। দেবীর মাথার চুল গতবার ছিল প্রতি কেজি আড়াই শ টাকা, এবার হয়েছে ৫০০ টাকা।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জানান, এ বছর জেলায় ৪৭২টি মণ্ডপে দুর্গাপূজার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২০৭টি, পীরগঞ্জে ১১৯টি, রানীশংকৈলে ৫৫টি, হরিপুরে ২৮টি ও বালিয়াডাঙ্গীতে ৬৩টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে।