
পাখিটির পায়ে লম্বা সুতা বাঁধা। সুতায় জড়িয়ে মাঠে পড়ে ছটফট করছিল। এ সময় দুই তরুণ পাখিটিকে দেখে কাছে যান। সুন্দর হলুদ রঙের পাখিটি তাঁরা মুক্ত করার চেষ্টা করেন। কিছু সময় চেষ্টা চালিয়ে তাঁরা সুতা খুলতে সক্ষম হন। এরপর পাখিটিকে আকাশে উড়িয়ে দেন।
সোমবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী বটুলি শুল্ক স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ফুলতলা বাজার এলাকার তরুণ বাসিন্দা ও স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট নাজমুল আলম মুঠোফোনে বলেন, বিকেলে তিনি ব্যবসায়িক কাজে বটুলি শুল্ক স্টেশন এলাকায় যান। এ সময় তাঁর সঙ্গে মাহবুবুর রহমান নামের এক আত্মীয় ছিলেন। একপর্যায়ে তাঁরা সীমান্তের শূন্য রেখার কাছে মাঠে একটি পাখিকে ছটফট করতে দেখেন।
নাজমুল আলম বলেন, ‘পাখিটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এইটাকে হরিয়াল বলে। কাছে গিয়ে দেখি, এটির এক পায়ে লম্বা শক্ত সুতার গিঁট। ওই সুতায় অপর পা-ও জড়িয়ে গেছে। পাখিটি দাঁড়াতে পারছিল না। আমরা গিঁট খোলার চেষ্টা শুরু করি। কিন্তু কাজটি সহজ ছিল না। হাতে আঁচড় লাগে। পাখিটা হয়তো ভেবেছিল আমরা তার ক্ষতি করছি। গিঁট খোলার পর পাখিটিকে সুস্থ দেখাচ্ছিল। এরপর ছেড়ে দিলে দ্রুত উড়ে যায়। পাখিটার জীবন বাঁচাতে পারায় খুব আনন্দ লেগেছে।’
নাজমুল আরও বলেন, পাখিটিকে শিকার করে কেউ হয়তো সুতা দিয়ে বেঁধে আটকে রেখেছিল। কোনোভাবে ছাড়া পেয়ে সে মুক্ত হওয়ার চেষ্টা চালায়। কিন্তু সুতায় দুই পা জড়িয়ে যাওয়ায় বেশি দূর যেতে পারেনি।
পাখি বিশেষজ্ঞ বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক ছবি দেখে পাখিটিকে দেশি ‘হলদে পা হরিয়াল’ বলে শনাক্ত করেন। তিনি মুঠোফোনে বলেন, এরা ঘুঘু-কবুতর শ্রেণির। বড় বড় গাছের খোঁড়লে বাসা বেঁধে থাকে। এরা বট-পাকুড়ের ফল খায়। হলদে পা হরিয়াল পাখি বিরল প্রজাতির পাখি। দেশে ছয় প্রজাতির হরিয়াল রয়েছে। এর মধ্যে চার প্রজাতির দেখাই মিলে না। মাঝেমধ্যে বাকি দুই প্রজাতির দেখা মিলে। শিকারিদের কারণে এরা হারিয়ে যাচ্ছে।
ইনাম আল হক দুই তরুণের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, হরিয়ালসহ দেশি প্রজাতির পাখি সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।