কারাগার থেকে বের হওয়ার পর মৃত্যু, এক দিন পর হত্যা মামলা

লাশ
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের নিউটাউন এলাকার সোনা মিয়াকে (৪৫) মাস দেড়েক আগে গাজীপুরের কালীগঞ্জ থেকে গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। মাদক মামলার আসামি হিসেবে তিনি এত দিন ছিলেন কাশিমপুর কারাগারে।

গত মঙ্গলবার জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন সোনা মিয়া। এরপর গতকাল বুধবার ভোরে সোনা মিয়ার মৃত্যু হয়েছে।

এ ঘটনার এক দিন পর আজ বৃহস্পতিবার সকালে সোনা মিয়ার ছেলে মারুফ মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় দুই নারীসহ তিনজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে অভিযুক্ত দুই নারীকে আজ গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে পুলিশি হেফাজতে থাকা দুই নারী সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দিবাগত রাতে সোনা মিয়া তাঁদের ভৈরব রেলস্টেশন থেকে ধরে নিয়ে যান। পরে নিউটাউন এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের কক্ষে নিয়ে সোনা মিয়া তাঁদের দুজনকে ধর্ষণ করেন। এর আগে সোনা মিয়া বেশ কয়েকটি ইয়াবা বড়ি সেবন করেছিলেন। এর একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে আঘাতপ্রাপ্ত পান। এর কিছুক্ষণ পরই সোনা মিয়ার মৃত্যু হয়।

সোনা মিয়া ভৈরব পৌর শহরের নিউটাউন এলাকার করিম মিয়ার ছেলে। সোনা মিয়া মাদক সেবন করতেন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কয়েক বছর ধরে সোনা মিয়া বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে দেড় মাস আগে গাজীপুরের কালীগঞ্জে গাঁজাসহ ধরা পড়েছিলেন সোনা মিয়া।

পুলিশ ও সোনা মিয়ার দুই স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জামিনে মুক্ত হয়ে মঙ্গলবার বাড়ি ফিরে তাঁর সহযোগী শামিম মিয়ার সঙ্গে দেখা করেন সোনা মিয়া। শামিমের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। শামিমও পেশায় মাদক কারবারি। ওই দুই নারীর মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সোনা মিয়া ও শামিম ভৈরব রেলওয়ে স্টেশনে যান। রাত তিনটায় তাঁরা দুই নারীকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি স্কুলের কক্ষে যান। সেখানে বসে সোনা মিয়া ইয়াবা সেবন করেন। পরে পর্যায়ক্রমে ওই দুই নারীকে ধর্ষণ করেন। কিছু সময় পর সোনা মিয়া স্কুলের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

খবর পেয়ে সোনা মিয়ার পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে যাওয়ার পথেই সোনা মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পরদিন ওই দুই নারীকে থানায় নিয়ে যায়। তখন তাঁরা ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি পুলিশকে জানান।

সোনা মিয়ার ভাই হাবিবুর রহমান। হাবিব বলেন, তাঁর ভাই অস্বাভাবিক জীবন যাপন করতেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং নিজেও মাদক সেবন করতেন।

তবে সোনা মিয়ার ছেলে মারুফের দাবি, ফাঁদে ফেলে তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে শামিম জড়িত থাকতে পারেন। তাই হত্যা মামলায় শামিমকে আসামি করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ময়নাতদন্ত শেষে সোনা মিয়ার লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া দুই নারীর অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তবে যেহেতু দুই নারীকে মামলার আসামি করা হয়েছে, তাই তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযুক্ত আরেক আসামি শামিম পলাতক।