মাগুরায় ইঞ্জিনিয়ারিং কলেজ করার পরিকল্পনা শিক্ষা উপমন্ত্রীর

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা
ছবিঃ সংগৃহীত।

মাগুরায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকেলে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘মাগুরায় বিজ্ঞান শিক্ষার প্রসারে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ করার সর্বাত্মক চেষ্টা করব, যেটা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যাবে। আমরা গিয়েই এটা নিয়ে কাজ শুরু করব। আশা করছি, এ বছরেই কাজ শুরু করতে পারব।’

এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে একটি ছাত্রাবাস ও মিলনায়তন করার প্রতিশ্রুতি দেন উপমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের সবাইকে ভারত, যুক্তরাষ্ট্রের মতো দেশও চাকরির নিশ্চয়তা দিতে পারছে না। এ জন্য সবাইকে নানা বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি।

সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ (শ্রীপুর-সদর একাংশ) আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।