সংঘর্ষের সময় কয়েকজনের হাতে লাঠিসোঁটা দেখা যায়। আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর এলাকায়
সংঘর্ষের সময় কয়েকজনের হাতে লাঠিসোঁটা দেখা যায়। আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর এলাকায়

ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের আলোচনা সভায় বাধা, বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ৮

ঝিনাইদহে বিএনপির কর্মীদের বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের আলোচনা সভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী তবিবার রহমান (৪৪), ছাত্রদলের কর্মী শিপন হোসেন (২৫), শিমুল হোসেন (২৪), বিএনপির কর্মী মো. হোসেন আলী (৫৫), তরু মিয়া (৪৮), শহিদুল ইসলাম (২৭), আবদুর রহমান (৫০) ও যুবদলের কর্মী আবু কালাম (৩৫)। আহত অবস্থায় তাঁদের ঝিনাইদহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গন্না ইউনিয়ন জামায়াতের আমির মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে মাধবপুরে জামায়াতের নারী কর্মীদের একটি অনুষ্ঠান চলছিল। এ সময় স্থানীয় বিএনপির কর্মীরা সেখানে এসে সভা বন্ধ করতে বলেন। জামায়াতের কর্মীরা প্রতিবাদ করতে এলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। হামলায় জামায়াতের কর্মী তবিবার রহমান গুরুতর আহত হন। নারী কর্মীসহ আরও কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন বলেন, জামায়াতের নারী কর্মীরা আলোচনা সভায় সরকার ও বিএনপির নেতা–কর্মীদের কটাক্ষ করে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তাঁরা প্রতিবাদ জানান। এতে জামায়াতের কর্মীরা সংঘবদ্ধ হয়ে তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করলে সংঘর্ষ বাধে। এতে বিএনপির অন্তত সাতজন কর্মী আহত হয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, সদর থানার মাধবপুর গ্রামে জামায়াত–বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তিনি পুলিশ পাঠিয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।