
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি তল্লাশি ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুর থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত তল্লাশি ও হয়রানি করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুর দুইটার দিকে শ্রীপুরের টেংরা গ্রামে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আক্তারুল আলমের বাড়িতে কয়েকজন পুলিশ সদস্য গিয়ে তাঁর খোঁজ করেন। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। পুলিশ সদস্যরা বাড়ির লোকজনকে আক্তারুল আলমের অবস্থান জিজ্ঞেস করেন। বেশ কিছুক্ষণ ধরে বাড়ির বিভিন্ন কক্ষে আক্তারুল আলমকে খুঁজতে থাকেন তাঁরা।
এ বিষয়ে আক্তারুল আলম প্রথম আলোকে বলেন, ‘অভিযান চালানোর সময় পুলিশ পরিবারের লোকজনকে বলেছে, আমি যেন ঢাকার সমাবেশে লোকজন নিয়ে না যাই। আমাদের নেতা-কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।’ আক্তারুল আরও বলেন, বুধবার দিবাগত রাত দুইটায় বরমী এলাকায় বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিনের বাড়িতে গিয়েছিল শ্রীপুর থানা-পুলিশ। তারা সেখানে আফাজ উদ্দিনের খোঁজ করে। তবে এ সময় তিনি বাড়িতে ছিলেন না।
এদিকে গতকাল বিকেল ৪টার দিকে বরমী এলাকায় উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের বাড়িতে পুলিশের অভিযান চালানোর অভিযোগ পাওয়া গেছে। সেখানেও বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় পুলিশ।
শাহজাহান ফকির বলেন, ‘বাড়ির লোকজনকে আমার অবস্থান জানানোর জন্য চাপ প্রয়োগ করেছে পুলিশ। আমার পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখিয়েছে। ঢাকার সমাবেশে উপস্থিত না হওয়ার জন্য এমন হয়রানি করা হচ্ছে।’ তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত শ্রীপুরের বিভিন্ন এলাকার বিএনপি নেতা-কর্মীদের বেশ কয়েকজনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম প্রথম আলোকে বলেন, পূর্বের বিভিন্ন মামলার আসামি হিসেবে তাঁদের বাড়িতে পুলিশ গিয়েছিল। কাউকে ভয়ভীতি দেখানো কিংবা হয়রানি করা হয়নি। সমাবেশে যাওয়া-না যাওয়ার বিষয়ে পুলিশ পরিবারের সদস্যদের কিছুই বলেনি। কাউকে হায়রানি করা পুলিশের উদ্দেশ্য নয়।