পানিতে নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে
পানিতে নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে

চট্টগ্রামের ফটিকছড়ি

নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেল আরও একজনের

চট্টগ্রামের ফটিকছড়ির একটি মাছের খামারে পানিতে ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার সেনাক্যাম্প–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—ওই এলাকার বাসিন্দা ও মাছের খামারটির মালিক মুহাম্মদ মফিজ এবং ফটিকছড়ি পৌরসভার কে এম টেক এলাকার ব্যবসায়ী মুহাম্মদ আজাদের আড়াই বছর বয়সী মেয়ে মুমতাহিনা আকতার।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে মুমতাহিনা মা–বাবার সঙ্গে মাছের খামারটিতে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যায় আরও দুই শিশুর সঙ্গে একটি নৌকায় উঠে খামারে ঘুরে বেড়াচ্ছিল সে। তবে নৌকাটি হঠাৎ উল্টে গেলে তিন শিশু পানিতে ডুবে যায়। এ সময় মাছের খামারটির মালিক মফিজ উদ্দিন তাদের উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। তিনি দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তবে শিশু মুমতাহিনার খোঁজ না পাওয়ায় পানিতে তল্লাশি চালাচ্ছিলেন তিনি। এর এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা পানিতে নেমে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে রাত ৮টার দিকে শিশু মুমতাহিনার লাশ উদ্ধার হয়।

পানিতে ডুবে দুজনের মৃত্যুর বিষয়টি ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হোসাইন প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ দুটি বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।