চকরিয়ায় পুকুর থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে

কক্সবাজার জেলার মানচিত্র
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম আবদুল কাদের (৫৫)।

আবদুল কাদের চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পণ্ডিতকাটা এলাকার বাসিন্দা। তাঁর ছেলে আবু বক্কর চকরিয়া থানায় গিয়ে লাশটি তাঁর বাবার বলে শনাক্ত করেন।

এর আগে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পাশের পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

আবু বক্কর প্রথম আলোকে বলেন, গত শনিবার ভোরে তাঁর বাবা ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর বাবার কোনো শত্রু ছিল না বলে দাবি করেন আবু বক্কর।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সন্ধ্যায় পরিচয় পাওয়ার পর লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন মারা যাওয়া ব্যক্তির ছেলে।