
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর এবং সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে পৃথক দুর্ঘটনায় এক স্কুলছাত্র ও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার এসব সড়ক দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর নাম তিশা আক্তার (১১)। সে পাবনার আতাইকুলা উপজেলার মধুপুর দক্ষিণ পাড়া এলাকার মো. রেজাউল করিমের মেয়ে। এই দুর্ঘটনায় রেজাউল করিমও আহত হয়েছেন। আর সেতুর সংযোগ সড়কে নিহত শ্রমিকের নাম রশিদ (৫৫)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চান্দাইকোনা এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে রেজাউল করিম তাঁর মেয়ে তিশা আক্তারকে নিয়ে ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুতে ওঠার পর সেতুর ৪৮ নম্বর পিলারের কাছে পৌঁছালে একটি বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিশা নিহত ও তার বাবা রেজাউল করিম আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা রেজাউল করিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। তিনি ময়মনসিংহে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এ ঘটনায় বাসটি জব্দ এবং বাসচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।
বুধবার বিকেল চারটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে গাছের গুড়িবাহী ট্রাক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গাছের গুড়ির নিচে চাপা পড়ে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আহত শ্রমিকেরা জানান, নাটিয়াপাড়া থেকে ট্রাকে গাছের গুড়ি নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা যাচ্ছিল ট্রাকটি। ট্রাকটি বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা গাছের গুড়ির ওপর বসে থাকা শ্রমিক রশিদ নিচে পড়ে যান এবং তাঁর ওপর গাছের গুড়ি পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় আহত হন আরও দুই শ্রমিক।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।