নিখোঁজ অটোচালকের শরীর বাঁধা লাশ মিলল ঝোপের ভেতরে

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নরসিংদীতে নিখোঁজের এক দিন পর ব্যাটারিচালিত অটোরিকশার এক চালকের শরীর দড়ি দিয়ে বাঁধা লাশ রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের একটি ঝোপের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম বিজয় মিয়া (২৬)।

রোববার সন্ধ্যা সাতটার দিকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আমিরগঞ্জ ইউনিয়নের পূর্বপাড়ার ওই ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজয় মিয়া নরসিংদী শহরের বাসাইল এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন এবং নরসিংদী শহর ও এর আশপাশের এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

গতকাল শনিবার বিকেল চারটার দিকে অটোরিকশাটি নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বিজয় মিয়া। পুলিশের ধারণা, তাঁকে হত্যার পর লাশ ওই ঝোপের ভেতরে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আমিরগঞ্জ ইউনিয়নের পূর্বপাড়া এলাকার কয়েক পথচারী আজ বিকেলে দুর্গন্ধ পেয়ে ওই ঝোপে এর উৎস খুঁজতে যান। এ সময় ঝোপের ভেতরে শরীর দড়ি দিয়ে বাঁধা লাশটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় নিহত বিজয়ের স্ত্রী ও স্বজনেরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

নিহত বিজয় মিয়ার স্ত্রী আরিফা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী গতকাল বিকেল চারটায় বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন। এর পর থেকে বিভিন্ন স্থানে খুঁজেও তাঁকে পাইনি। আজ বিকেলে রায়পুরার রাস্তায় লাশ পড়ে থাকার খবর পেয়ে এসে দেখি, লাশটি আমার স্বামীর। আমার স্বামীকে যারা এভাবে হত্যা করেছে, আল্লাহ তাদের বিচার করবে।’

রায়পুরা থানার আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফরিদ উদ্দিন বলেন, লাশটির শরীর দড়ি দিয়ে বাঁধা ছিল। অটোরিকশাটিও পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে, ওই তরুণকে হত্যার পর অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।