‘বঙ্গবন্ধুকন্যার কাছে কক্সবাজারবাসী আরও কিছু প্রত্যাশা করেন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। সোমবার বিকেলে শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার শেষ নেই। কক্সবাজার নিয়ে তাঁর সুদূরপ্রসারী স্বপ্ন রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কক্সবাজারকে খুব বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন এখানকার বাসিন্দাদের। তাই এত উন্নয়নের পরও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে কক্সবাজারবাসী আরও কিছু প্রত্যাশা করেন।

৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কক্সবাজারে আগমন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা ব্যক্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, কক্সবাজারের মেগা প্রকল্পগুলোয় সরকারের খরচ হচ্ছে সাড়ে তিন লাখ কোটি টাকা। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে তিনটিই বাস্তবায়িত হচ্ছে কক্সবাজারে। এবারের সফর উপলক্ষে প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর প্রত্যাশাগুলোর মধ্যে রয়েছে কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সংযুক্তকরণ, কক্সবাজার-মহেশখালী সদরে সংযোগ সেতু নির্মাণ, বাঁকখালী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ, কুতুবদিয়া-মগনামা চ্যানেলে ফেরি চলাচল শুরু করা, কক্সবাজারে পর্যটন গবেষণা ইনস্টিটিউট স্থাপন, মেরিন ড্রাইভকে চার লেনে এবং কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর করা ও কক্সবাজার সিটি কলেজকে সরকারীকরণ।

কক্সবাজার পৌরসভার এই মেয়র বলেন, ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জনসভাস্থলসহ পুরো শহর জনসমুদ্রে পরিণত হবে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

লিখিত বক্তব্যে মুজিবুর রহমান বলেন, করোনা মহামারিসহ নানা কারণে পাঁচ বছর পর কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৭ সালের ৬ মে এই স্টেডিয়ামের দলীয় জনসভায় প্রধানমন্ত্রী কক্সবাজারকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর অংশ হিসেবে বর্তমানে কক্সবাজারে ৪০টির বেশি মেগা উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এরই মধ্যে বিভিন্ন প্রকল্পের কাজ এখন দৃশ্যমান। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কক্সবাজারবাসীর স্বপ্নের রেললাইন সম্প্রসারণ, কক্সবাজারে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র, সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, ২০ হাজার জলবায়ু উদ্বাস্তুকে পুর্নবাসনে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, শেখ হাসিনা নৌঘাঁটি, রামু হাইটেক পার্ক, জাতীয় সমুদ্র গবেষণা কেন্দ্র, কক্সবাজার ফুটবল স্টেডিয়াম, বিকেএসপি, অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, সরকারের ব্যাপক উন্নয়নে মানুষের জীবনমানের পরিবর্তন ঘটছে। কিন্তু দেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় খুশি নয় বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধীরা। তারা আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টির মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের চক্রান্ত করছে। যেকোনো উপায়ে ক্ষমতায় গিয়ে লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চাইছে তারা। হাওয়া ভবনের মতো আরেকটি ভবন সৃষ্টি করে তারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালনার পথ খুঁজছে। দুর্নীতিবাজ ও ফেরারি আসামি তারেক রহমান ও সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার এই নীলনকশা কখনোই সফল হতে দেবে না দেশের জনগণ।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী কক্সবাজারকে দিয়েছেন অনেকগুলো উন্নয়ন প্রকল্প। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ১০টি প্রকল্পের মধ্যে ৩টিই হচ্ছে কক্সবাজারে। এর ফলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে কক্সবাজার। বিশ্বব্যাপী গুরুত্বও বাড়ছে পর্যটন শহরটির। গত ১৪ বছরে প্রধানমন্ত্রী ৮ বার কক্সবাজারে এসেছেন। ৭ ডিসেম্বর আবার কক্সবাজারে আসছেন তিনি। এটা কক্সবাজারবাসীর জন্য মর্যাদার বিষয়।

কক্সবাজারকে পর্যটনের অপার সম্ভাবনার শহর উল্লেখ করে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, কক্সবাজারে যতগুলো হোটেল–মোটেল রয়েছে, তিনটি ছাড়া বাকিগুলোর সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নেই। মনুষ্য বর্জ্যসহ ময়লা–আবর্জনা যাচ্ছে শহরের বাঁকখালী নদী হয়ে বঙ্গোপসাগরে। দূষিত হচ্ছে সমুদ্রের পানি। মারা যাচ্ছে মাছসহ সামুদ্রিক প্রাণী। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। কক্সবাজারে কেন্দ্রীয় এসটিপি স্থাপনের কথা প্রধানমন্ত্রীকে জানানো হবে।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল মোস্তফা বলেন, শেখ হাসিনাকে একনজর দেখতে জেলার মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ থেকেও লাখ লাখ মানুষ ছুটে আসবেন। ৭ ডিসেম্বরের শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে, স্টেডিয়াম ছাপিয়ে শহরেও তিল ধারণের ঠাঁই থাকবে না।