দুর্গোৎসব

নারকেল–গুড়ের দাম বেশি, টান পড়েছে নাড়ু-মোয়ায়

দুর্গাপূজা উপলক্ষে নাড়ু তৈরির জন্য নারকেলের খোসা ছাড়ানো হচ্ছে। গত বৃহস্পতিবার বেড়া পৌরসভার মৈত্রবাঁধা মহল্লার একটি বাড়িতে
ছবি: প্রথম আলো

দুর্গাপূজা এলেই ইন্দুবালা হালদার নাড়ু-মোয়া তৈরিতে ব্যস্ত হয়ে পড়তেন। পূজা শুরুর সপ্তাহ দুয়েক আগে থেকেই বিভিন্ন বাড়ি থেকে নাড়ু-মোয়া তৈরির জন্য ডাক পেতেন তাঁরা। সংসারের কাজের পাশাপাশি তাঁদের বাড়তি চার-পাঁচ হাজার টাকা আয়ও হতো তাঁর। কিন্তু এবার নাড়ু-মোয়া তৈরির জন্য কেউ তাঁকে ডাকেননি।

পাবনার বেড়া পৌরসভার চরপাড়া মহল্লায় ইন্দুবালা হালদারের বাড়ি। তিনি আক্ষেপ করে বলেন, ‘প্রতিবছর নাড়ু-মোয়া বানায়া ভালোই আয় হতো। কিন্তু এবার কুনু কাজই পাইল্যাম না। সগল জিনিসেরই দাম এত বাড়িছে যে মানুষ কুলায়া উঠপ্যার পারতেছে না। এ জন্যই এবার নাড়ু-মোয়া বানাইন্যার কুনু ডাক পাইল্যাম না।’

দুর্গাপূজায় বেড়া উপজেলার হিন্দুধর্মাবলম্বীদের বাড়িতে নাড়ু–মোয়া বানানোর প্রচলন দীর্ঘদিনের। অনেকের কাছেই নাড়ু-মোয়া ছাড়া দুর্গাপূজার উৎসব অনেকটাই ম্লান। কিন্তু এবার নাড়ু-মোয়া তৈরিতে যেন ভাটা পড়েছে। মূলত নাড়ু-মোয়া তৈরির উপকরণের অস্বাভাবিক দাম বাড়ার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। এক থেকে দেড় বছরের ব্যবধানে বিভিন্ন উপকরণের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এ কারণে উচ্চবিত্তের ঘরে এবার নাড়ু-মোয়া তৈরি হলেও নিম্ন ও মধ্যবিত্তের ঘরে এগুলো তৈরিতে তেমন সাড়া নেই। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিত্যপণ্য কিনতে গিয়েই তাঁদের দিশাহারা অবস্থা। পূজা উপলক্ষে আত্মীয় ও ছোটদের নতুন জামাকাপড় কিনতে হয়েছে। তাই প্রতিটি ক্ষেত্রেই হিসাব করে টাকাপয়সা খরচ করতে হচ্ছে। এ কারণে পূজার অন্যতম অনুষঙ্গ হওয়া সত্ত্বেও অনেকেই নাড়ু-মোয়া তৈরি বাদ দিয়েছেন নয়তো একবারেই কমিয়ে দিয়েছেন।

এবার গুড়, নারকেলসহ প্রতিটি জিনিসের দাম এত বেশি হইছে যে নাড়ু-মোয়া বানানোর সাধ্য আমাগরে নাই। এগুলো ছাড়াই এবারের পূজা করব।
সুমিত্রা রাণী, বেড়া বাজার এলাকার বাসিন্দা

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর থেকেই নাড়ু-মোয়া তৈরির উপকরণগুলোর দাম বাড়ছে। গত বছরেও অনেকে নাড়ু-মোয়া তৈরি করতে গিয়ে বিপাকে পড়েছিলেন। তবে গত বছর স্বাভাবিক পরিমাণের চেয়ে কম করে হলেও বেশির ভাগ বাড়িতে নাড়ু-মোয়া তৈরি হয়েছিল। কিন্তু এবার গত বছরের চেয়ে উপকরণগুলোর দাম আরও বেড়েছে। ফলে নাড়ু-মোয়া তৈরির বিষয়টি এবার নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে।

এক থেকে দেড় বছর আগে ৯০ টাকা কেজি দরে বিক্রি হওয়া গুড় এবার ১৩০ টাকা, ৬০-৭০ টাকা দামের (প্রতিটি) নারকেল এবার ১২৫ টাকা, ৮০-৯০ টাকা কেজি দরের তিল এবার ১৪০ টাকা, ১৬০ টাকা কেজি দরের ঝুরিভাজা এবার ২২০ টাকা, ৬০ টাকা কেজি দরের মুড়ি এবার ৮০ টাকা, খই তৈরির ৯০ টাকা কেজি দরের ধান ১২০ টাকায় কিনতে হচ্ছে।

বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লার সন্তোষ হালদার বলেন, ‘ছেলে বিয়ে দেওয়ায় নতুন আত্মীয় হয়েছে। পূজা উপলক্ষে সেই আত্মীয় বাড়িতে নাড়ু-মোয়া না দিলে তো আর চলে না। তাই খুব কষ্ট করে এবার অল্প কিছু নাড়ু-মোয়া বাড়িতে তৈরি করেছি।’

বেড়া বাজার এলাকার বাসিন্দা সুমিত্রা রাণী বলেন, ‘আগে প্রতিবছরই বাড়িতে নাড়ু-মোয়া বানাইছি। কিন্তু এবার গুড়, নারকেলসহ প্রতিটি জিনিসের দাম এত বেশি হইছে যে নাড়ু-মোয়া বানানোর সাধ্য আমাগরে নাই। এগুলো ছাড়াই এবারের পূজা করব।’