প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর পাচ্ছেন নিঃসঙ্গ চিকন ডালা চাকমা

চিকন ডালা চাকমাকে নগদ অর্থ সহায়তা তুলে দেন খাগড়াছড়ির দীঘিনালার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন। আজ সোমবার উপজেলার সকালে দীঘিনালার সিনেমা হল এলাকায়
ছবি: প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরের সিনেমা হল এলাকার সত্তর বছর বয়সী নিঃসঙ্গ চিকন ডালা চাকমা প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর পাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার থেকে তাঁর ঘরের নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আজ সোমবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন চিকন ডালা চাকমার বাড়িতে গিয়ে তাঁর শারীরিক খোঁজখবর নেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে চাল, ডাল কেনার জন্য নগদ অর্থ সহায়তা করেন।

চিকন ডালার এখনকার ঘরটির বেড়া ভাঙাচোরা। চালায় পলিথিন আর ভাঙা টিন দিয়ে কোনোরকমে ছাউনি দেওয়া। বৃষ্টি হলে পানি পড়ে। শীতকালে বেড়ার ফাঁকে প্রচুর বাতাস ঢোকে। তাঁর স্বামী–সন্তান কেউ নেই। এলাকাবাসী কিছু দিলে খেতে পারেন, না হয় থাকেন উপোস। তাঁর কষ্টের জীবন নিয়ে গত শনিবার প্রথম আলোর অনলাইনে ‘জীর্ণ ঘরে চিকন ডালা চাকমার নিঃসঙ্গ জীবন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

চিকন ডালা চাকমা বলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসে খোঁজখবর নিয়েছেন। চাল, ডাল কেনার জন্য টাকা দিয়েছেন। পাকা ঘর হলে আর ভাঙাচোরা ঘরে কষ্ট করে থাকতে হবে না। বৃষ্টিতে ভিজতে হবে না, শীতেও কষ্ট পেতে হবে না। তিনি অনেক খুশি হয়েছেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন প্রথম আলোকে বলেন, চিকন ডালা চাকমার বিষয়টি জানতে পেরে সরেজমিনে গিয়ে তাঁর খোঁজখবর নিয়েছেন। চাল, ডাল কেনার জন্য তাঁকে নগদ অর্থ সহায়তা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘরের কাজ শুরু করার জন্য মালামাল পাঠানো হবে।