রংপুর নগর

নালা ভেঙে পড়েছে, লাল পতাকা টানিয়ে সতর্কতা

লালবাগ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নালা ও ফুটপাত নির্মাণ করা হলেও নালার ওপর ঢাকনা নেই।

বাংলাদেশ ব্যাংক মোড়ের পাশে নালার কিছু অংশ দেবে গেছে। নালা ও ফুটপাত নির্মাণ করা হলেও নালার ওপর ঢাকনা নেই অনেক স্থানে। সম্প্রতি তোলা
ছবি: প্রথম আলো

রংপুর নগরের ব্যস্ততম ধাপ এলাকা বাংলাদেশ ব্যাংক মোড়ের পাশে নালার কিছু অংশ দেবে গেছে। এদিকে লালবাগ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত নালা ও ফুটপাত নির্মাণ করা হলেও নালার ওপর ঢাকনা নেই। ফলে ওই দুই পথে চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী।

সরেজমিন দেখা গেছে, ধাপ এলাকা ভেঙে পড়া নালার চারদিকে লাল পতাকা টানিয়ে লোকজনকে চলাচলে সতর্ক করে দেওয়া হয়েছে। স্থানীয় ব্যক্তিরা বলেন, ধাপ এলাকায় নানা প্রয়োজনে মানুষ আসা-যাওয়া করে। এ এলাকায় অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, রোগনির্ণয় কেন্দ্র অবস্থিত। চিকিৎসকদের বেশির ভাগ চেম্বারও এখানে। বাংলাদেশ ব্যাংক মোড়ের পাশে প্রায় এক মাস ধরে প্রায় ১০০ ফুট এলাকা নালা দেবে গেছে। ওই নালার ওপর ফুটপাত দিয়ে লোকজন চলাচল করতে পারছে না।

ফলে দুর্ভোগে পড়েছে পথচারীরা। তাঁরা পথচারীদের সতর্ক করতে লাল পতাকা টানিয়ে দিয়েছেন। প্রধান সড়কে হাঁটতে গিয়ে পথচারীরা প্রায়ই রিকশার সঙ্গে ধাক্কা খাচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট থেকে চিকিৎসা নিতে আসা মাহবুব হোসেন বলেন, ‘এক মাস আগেও এসে দেখেছি, এই ড্রেন ভাঙা। এখনো মেরামত হলো না। মানুষের চলাচলে দুর্ভোগ হয়েছে।’

সিটি করপোরেশন সূত্র জানায়, সম্প্রতি নগরের লালবাগ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের পাশে বড় নালা নির্মাণ করা হয়। কিন্তু নালার ওপর ঢাকনা বসানো হয়নি।  

গত শনিবার বিকেলে দেখা যায়, ২০ ফুট পরপর নালার ঢাকনাগুলো উন্মুক্ত। যেকোনো সময় নালার ভেতর পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর আশপাশে শত শত আবাসিক মেস।  বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশফাক হোসেন বলেন, কী এক অদ্ভুত ব্যাপার। নালার ওপর ফুটপাতের ওপর ঢাকনা নেই। ছয় মাসের বেশি সময় ধরে এগুলো উন্মুক্ত। ফলে প্রধান সড়কের এক পাশ দিয়ে হেঁটে যেতে হয়। 

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী বলেন, ধাপ এলাকায় ভেঙে পড়া নালার কাজ খুব শিগগির শুরু করা হবে। তবে কবে নাগাদ করা হবে, তা জানাননি।