
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে এবার অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের বেলতলী নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
এর আগে ১৩ জানুয়ারি উপজেলার বুড়িমারী ইউনিয়নের দর্জিটারী রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুসন্তানসহ এক নারীর মৃত্যু হয়। পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে নিয়ে ওই নারী আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের।
থানা–পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা বুড়িমারী কমিউটার ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বেলতলী অতিক্রম করার সময় অজ্ঞাতনামা মধ্যবয়সী ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলার পাটগ্রাম ইউনিয়নের বেতলতী গ্রামে সামসুল হক বলেন, লোকটি রেল লাইনের ওপর বসে ধূমপান করছিলেন। এ সময় পাটগ্রাম রেলস্টেশনের দিক থেকে ট্রেনটি আসছিল। রেললাইনে দুপাশের জমিতে কাজ করা লোকজন তাকে সরে যেতে অনেক চিৎকার করেন। কিন্ত তিনি সরেননি। তিনি বলেন, ওই ব্যক্তি তাঁদের এলাকার বাসিন্দা নয়। অন্য কোথাও থেকে এসেছে।
আরেক প্রত্যক্ষদশী বেলতলীর মসজিদের পাড় গ্রামের বাসিন্দা লিটন হোসেন বলেন, রেল লাইনের ওপর বসে ধূমপান করার সময় ট্রেন আসতে দেখে ওই ব্যক্তি শুয়ে পড়েন। পরে ওই ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে লাইনের দুই ধারে পড়ে যান।
লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাছাড়া তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।