নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় জ্বালানি তেলের দাবিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল লোক। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে প্রশাসনকে না জানিয়ে গোপনে তেল বিক্রি করায় সেখানকার একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বড়াইগ্রাম উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বনপাড়ার পাটোয়ারী ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির অজুহাতে গত সোমবার থেকে তেল বিক্রি বন্ধ রাখে। প্রশাসনকে না জানিয়ে তারা আজ সকালে হঠাৎ তেল বিক্রি শুরু করে। ভোক্তার চাহিদামোতাবেক তেল সরবরাহ করতে না পারায় তেল নিতে আসা একদল লোক বেলা সাড়ে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে যান। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর বিক্ষোভকারী ব্যক্তিরা সেখান থেকে সরে যান।
ইউএনও পাটোয়ারী ফিলিং স্টেশনে গিয়ে তদন্ত করেন। তদন্তে জানা যায়, ফিলিং স্টেশনে ৩ হাজার ৭০০ লিটার তেল মজুত ছিল। যান্ত্রিক ত্রুটির অজুহাতে তারা তেল বিক্রি বন্ধ রেখেছিল। সরকারি বিধি অনুযায়ী, স্থানীয় প্রশাসনকে জানিয়ে ট্যাগ কর্মকর্তার তত্ত্বাবধানে তেল বিক্রি করতে হবে। কিন্তু তারা তা না করে গোপনে ২ হাজার ৬০০ লিটার তেল বিক্রি করে দেয়। এ কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করানো হয়।
বড়াইগ্রামের ইউএনও লাইলা জান্নাতুল ফেরদৌস বলেন, অবরোধকারী ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ফিলিং স্টেশন গোপনে তেল বিক্রি করে অপরাধ করেছে। এ কারণে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।