জেলা শহরের অনেকেরই বেড়ানো আর আড্ডা দেওয়ার ঠিকানা এই মাঠ। কিন্তু রক্ষণাবেক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে জৌলুশ হারাচ্ছে মাঠটি।

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী রাফিউল ইসলাম। গত শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে। রাফিউলের ভাষায়, এত বড় মাঠ দেখলে নিজেকে খুব ছোট ছোট লাগে তাঁর, তখন মাঠটার মতো বড় হওয়ার ইচ্ছা জাগে।
গত চার বছরের শিক্ষাজীবনে খুব কম দিন গেছে রাফিউলের যে দিনাজপুরে ছিলেন অথচ মাঠে বেড়াতে আসেননি। তাঁর মতো জেলা শহরের অনেকেরই বেড়ানো ও আড্ডা দেওয়ার অন্যতম ঠিকানা এই গোর-এ-শহীদ বড় মাঠ। বিকেল হলেই মাঠে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের দেখা মেলে এ মাঠে। কিন্তু রক্ষণাবেক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে জৌলুশ হারাচ্ছে মাঠটি।
মাঠটি ঘুরে দেখা যায়, মাঠের মালিকানা সেনাবাহিনীর উল্লেখ করে মাঠের দুই পাশে ফলক দেওয়া হয়েছে। পূর্ব-পশ্চিম বরাবর মাঠের মধ্যভাগ দিয়ে পিচঢালা একটি রাস্তা মাঠটিকে দুটি অংশে বিভক্ত করেছে। মাঠের উত্তরাংশে রয়েছে শহীদ মিনার, স্পোর্টস ভিলেজ, ঈদগাহ মিনার, কংক্রিট মঞ্চ (রাজনৈতিক সভা-সমাবেশ হয়), পুরোনো অফিসার্স ক্লাব। ঈদগাহ মিনারের পাশেই পৌরসভার আবর্জনা ফেলার স্থান। দুর্গন্ধের কারণে ওই অংশে মানুষের চলাচল কম। মাঠের উত্তর দিকের শেষ মাথায় রয়েছে হকার্স মার্কেট।
মাঠের দক্ষিণ-পূর্ব অংশে জিমনেসিয়াম, বাস্কেটবল গ্রাউন্ড, হ্যান্ডবল গ্রাউন্ড। মাঠের এ অংশে প্রতিবছর আয়োজন করা হয় শিল্প ও বাণিজ্য মেলার। তিন মাস আগে মেলা শেষ হলেও মেলার বিভিন্ন স্থাপনা এখনো মাঠেই রয়ে গেছে। বিকেলে চটপটির গাড়ি নিয়ে ব্যবসায়ীরা মাঠে ঢুকে যান। এমনকি গাড়ি চালানোর পরীক্ষা ও প্রশিক্ষণ চলে এ মাঠে।
স্থানীয় লোকজন বলেন, দিনাজপুরের বিভিন্ন উপজেলায় কয়েকটি বিনোদনকেন্দ্র গড়ে উঠলেও জেলা শহরে বিনোদনের তেমন জায়গা নেই। শহর থেকে চার কিলোমিটার দূরে ব্যক্তিমালিকানাধীন সিটি পার্ক, জীবনমহল পার্ক, আট কিলোমিটার দূরে ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যান। ফলে জেলা শহরের মানুষ বিনোদনকেন্দ্র হিসেবে বেছে নিয়েছে গোর-এ-শহীদ মাঠকে। ঈদের নামাজ থেকে ওয়াজ মাহফিল, জাতীয় দিবসের প্যারেড থেকে পয়লা বৈশাখের অনুষ্ঠান, শিল্প-বাণিজ্য, বৃক্ষ, বইমেলা, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক অনুষ্ঠান সব হয় এ মাঠে। কিন্তু মাঠটির তেমন রক্ষণাবেক্ষণ করে না কর্তৃপক্ষ।
মাঠে আসা দুজন প্রবীণ বলেন, একটা সময় ছিল, মাঠের উত্তর প্রান্তে দাঁড়ালে দক্ষিণে কসবা পর্যন্ত দেখা যেত। সেই মাঠে এখন কত কী হয়েছে। ছেলেমেয়েদের খেলাধুলা ও হাঁটাচলার পরিবেশ নষ্ট হয়েছে। এবড়োখেবড়ো মাঠে জমে থাকছে ময়লা-আবর্জনা। বর্ষার সময় জমে থাকছে পানি। আবার মাঠে মোটরসাইকেল নিয়ে চলাচল করছেন লোকজন। অনেক সময় গাড়ি চালানো শেখানো হয় মাঠের ভেতরে।
এই মাঠে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা চর্চা করে খুদে খেলোয়াড়েরা। শুক্রবার বিকেলে মাঠের উত্তরাংশে প্রচেষ্টা ক্রিকেট একাডেমির সদস্যদের সঙ্গে কথা হলে তারা বলে, মাঠটি উঁচুনিচু হয়ে যাওয়ায় ঠিকমতো খেলাধুলা করা যায় না। মানুষজন ময়লা ফেলেন। তা ছাড়া আশপাশের বিভিন্ন অস্থায়ী দোকানের জন্য লোকজনের ভিড় লেগেই থাকে। মাঠে অনেকে গরু-ছাগল চড়াতে নিয়ে আসেন, এমনকি গাড়ি চালানোর প্রশিক্ষণও হয়।
দিনাজপুর নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, দিনাজপুরের প্রাণ হচ্ছে এই বড় মাঠ। এটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ এখন সময়ের দাবি।
পৌরসভার মধ্যে হওয়ায় এ মাঠের দেখভালের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, মাঠের মালিকানা নিয়ে কিছু জটিলতা আছে। তারপরও যেহেতু পৌরসভার মধ্যে এই মাঠ, সেটির রক্ষণাবেক্ষণ ও দেখভাল তাঁরা করে আসছেন। মাঠের মধ্যে পৌরসভার ময়লার স্তূপ সরিয়ে নেওয়ার আশ্বাসও দেন তিনি।