
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঝড়বৃষ্টির সময় ঘরের টিনের চালের ওপর গাছ ভেঙে পড়ে মো. ফয়েজ (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের টরকিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
ফয়েজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ, স্বজন ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, আজ সকালে ফয়েজ বসতঘরের একটি কক্ষে একা ঘুমিয়ে ছিল। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে ঘরের পাশের একটি বড় গাছ ভেঙে টিনের চালের ওপর আছড়ে পড়ে। এতে চাল দুমড়েমুচড়ে নিচে পড়ে যায়। গাছের একটি অংশ ফয়েজের মাথা ও শরীরের ওপর পড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়।
ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা ঘরের অন্য পাশে থাকলেও কেউ হতাহত হননি। ফয়েজের চিৎকার শুনে স্বজন ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফয়েজের বাবা আবু তাহের কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এভাবে ছেলেটা মইরা যাইব, তা কখনো ভাবি নাই। ভাঙাচোরা ঘর হওয়ায় গাছসহ চাল ভাইঙ্গা পড়ে। ছেলেরে ছাড়া আমি ক্যামনে বাঁচুম, আমার সব শেষ।’
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি। পরিবারের আবেদনের পর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।