বাংলাদেশ-ভারত সীমান্ত
বাংলাদেশ-ভারত সীমান্ত

নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে নয়জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশ ইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাঁরা প্রবেশ করতে পারেননি। ফলে এসব ব্যক্তি বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

আজ বুধবার সকালে বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর চারটার দিকে নওগাঁর সাপাহার আদাতলা সীমান্তচৌকি (বিওপি) এলাকা দিয়ে এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনটি শিশু।

সংবাদ পাওয়ার পর আদাতলা সীমান্তচৌকির বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেয়। বর্তমানে ওই নয়জন ভারত ও বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সংবাদ পাওয়ার পর ওই এলাকায় টহল বাড়ানো হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

এর আগে গত ৫ জুন ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাঁদের ফেরত নিতে বাধ্য হয়।