ভোটারদের সারিতে কক্সবাজার–১ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ। আজ সকালে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে
ভোটারদের সারিতে কক্সবাজার–১ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ। আজ সকালে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে

কক্সবাজার-১

ভোটের লাইনে দাঁড়িয়ে সালাহউদ্দিন আহমদ বললেন, ‘নতুন বাংলাদেশ পাব’

ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের প্রার্থী সালাউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দেওয়া শেষে সালাউদ্দিন আহমদ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘জনগণ আমাকে বারবার নির্বাচিত করেছে। আমাকে চেনে, জানে। আমাকে তাঁরা ভালোবাসেন। আমি তাঁদের পরীক্ষিত সন্তান। এবারও তাঁরা সঠিক সিদ্ধান্তই নেবেন।’

ভোট দেওয়ার পর ব্যালট বাক্সে ফেলছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ

এর আগে সকাল আটটার দিকে ভোটারদের সারিতে দাঁড়ান সালাহউদ্দিন আহমদ। তখন তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর ভোটের পরিবেশ তৈরি হয়েছে। আমি ভোটার লাইনে দাঁড়িয়েছি, এটা অত্যন্ত আনন্দের। এ দেশের মানুষ এই ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে, মার খেয়েছে, রক্ত দিয়েছে। সেই ভোটাধিকার আজ প্রয়োগ হচ্ছে। মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে আসছেন। এই যাত্রায় আমরা নতুন বাংলাদেশ পাব।’

পেকুয়া উপজেলায় ৪৭টি ভোট কেন্দ্র রয়েছে। পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন ভোটকেন্দ্রে ভোটার রয়েছেন ২ হাজার ৯০০ জন। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা পেকুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এই কেন্দ্রে বুথের সংখ্যা ছয়টি। সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ৩৪৭ জন ভোটার ভোট দিয়েছেন।’