নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে। তারা সবাই স্থানীয় কিশোর গ্যাং ‘কেপিজি’-এর সদস্য বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শহর মাইজদীর পৌরবাজার এলাকায় পুলিশের এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আটক হওয়া ১৮ জনের মধ্যে ১৭ জন কিশোর। এ ছাড়া একজন প্রাপ্তবয়স্ক। কিশোর গ্যাংটির সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
বাসিন্দারা জানান, জেলা শহর মাইজদীতে আরও বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্যাংয়ের সদস্যরা প্রায়ই ধারালো অস্ত্র নিয়ে শোডাউন করে আসছে। কয়েক দিন আগেও কয়েকটি কিশোর গ্যাং সম্মিলিত শোডাউন করে। কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে পথচারী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে বিপাকে পড়তে হচ্ছে।
জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘কেপিজি নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের নাম, পরিচয়, বয়স যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ পর্যালোচনার পর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, জেলা শহরসহ প্রতিটি উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।