সড়ক বিভাজকের ওপর কাভার্ড ভ্যান, বেঁচে গেলেন চালক ও তাঁর সহকারী

সড়ক বিভাজকের ওপর উল্টে পড়ে আছে কাভার্ড ভ্যান। আজ রোববার বেলা একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা বাইপাস এলাকায়
ছবি: প্রথম আলো  

চট্টগ্রামের সীতাকুণ্ডে পণ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান সড়ক বিভাজকের ওপর উল্টে গেছে। আজ রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চালক সামান্য আহত হলেও বড় ধরনের ক্ষতি হয়নি। বেলা সাড়ে তিনটা পর্যন্ত সড়ক বিভাজকের ওপরই গাড়িটি ছিল।

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে গতকাল শনিবার রাত থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। মহাসড়ক ছিল ভেজা ও পিচ্ছিল। এ অবস্থায় ওই দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানটির চালকের সহকারী মো. রায়হান বলেন, গতকাল রাতে ফিটকিরি বোঝাই করে কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে ছেড়ে আসে। যাচ্ছিল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। আজ ভোরে যখন তাঁরা সীতাকুণ্ড পার হচ্ছিলেন, তখন তিনি ঘুমিয়ে ছিলেন। কুমিরা বাইপাস এলাকায় আসার পর বিকট শব্দে তাঁর  ঘুম ভাঙে। কাভার্ড ভ্যানটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। তিনি আহত হননি। চালক সামান্য কিছুটা আহত হয়েছেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, তাঁরা ঘূর্ণিঝড় মোখার পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিরা ফেরিঘাট এলাকায় গিয়েছিলেন। এ সময় কাভার্ড ভ্যানটি সড়ক বিভাজকের ওপর উল্টে থাকতে দেখেন। খবর নিয়ে জেনেছেন, এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। এ দুর্ঘটনা ঘটলেও তাঁদের জানানো হয়নি।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ২৮ টন ওজন নিয়ে গাড়িটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। ভোরে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। তাঁদের যে রেকারভ্যান আছে, তা দিয়ে এই গাড়ি সরানো সম্ভব হয়নি। ব্যক্তিগত ক্রেন এনে সেটি সরানোর চেষ্টা চলছে। মহাসড়ক সচল রয়েছে।