রাজশাহীতে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

আটক দুই ব্যক্তির কাছ থেকে এক হাজার ইয়াবা বড়ি, দুটি মুঠোফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে
ছবি: প্রথম আলো

রাজশাহীতে একজন রোহিঙ্গা নাগরিকসহ দুজনকে আটক করেছে র‍্যাব-৫। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক হাজার ইয়াবা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর পুঠিয়া থানার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে মো. রাজু আহম্মেদ (৩১) ও কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পের মো. বকসুর ছেলে মো. হাবিবুল্লাহ (২৯)। আজ সোমবার দুপুরে র‍্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, কাঁঠালবাড়িয়া গ্রামে রাজু আহম্মেদের বাড়িতে ইয়াবা বেচাকেনা চলছে। পরে রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব ওই বাড়িতে অভিযান চালালে সেখানে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় র‍্যাবের কাছে রাজু ও হাবিবুল্লাহ ধরা পড়েন এবং অন্য আরেক ব্যক্তি পালিয়ে যান। এ সময় তাঁদের কাছ থেকে এক হাজার ইয়াবা বড়ি, দুটি মুঠোফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, হাবিবুল্লাহ একজন রোহিঙ্গা। তিনি কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করেন। তাঁরা পরস্পরের যোগসাজশে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এনে বিক্রয় করেন।

র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস শাকিব বলেন, এ চক্রের পলাতক আরেকজনকে আটকের চেষ্টা চলছে। আটক দুজনের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।