
সাতক্ষীরা সদর উপজেলায় অসুস্থ মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে বাসের চাপায় মায়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার গোপীনাথপুর এলাকায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই মায়ের নাম রাশিদা খাতুন (৫০)। তিনি সাতক্ষীরা শহরের পাশে তালতলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
হাবিবুর রহমান বলেন, তাঁরা স্বামী-স্ত্রী মিলে অসুস্থ মেয়েকে দেখতে গতকাল শনিবার গিয়েছিলেন যশোরের বাগাআঁচড়ায়। মেয়ের বাড়ি থেকে তাঁরা আজ সকাল সাতটার দিকে মোটরসাইকেলে করে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা হন। সকাল আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ভ্যান তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা তাঁর স্ত্রী ছিটকে সড়কে পড়ে যান। এ সময় সাতক্ষীরা থেকে আসা যশোরগামী যাত্রীবাহী একটি বাস রাশিদাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।