নেত্রকোনায় ধান–চাল সংগ্রহ

দেড় মাসে ১% সংগ্রহ হয়নি 

১৭ নভেম্বর থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এ অভিযান শেষ হওয়ার কথা রয়েছে। 

ফাইল ছবি
ফাইল ছবি

নেত্রকোনায় চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযানের দেড় মাস চলে গেলেও এখনো ১ শতাংশ ধান সংগ্রহ করা সম্ভব হয়নি। মিলারদের কাছ থেকে এ পর্যন্ত মাত্র ২৫ শতাংশ চাল সংগ্রহ করা হয়েছে। ১৭ নভেম্বর থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এ অভিযান শেষ হওয়ার কথা রয়েছে। 

কয়েকজন কৃষক বলেন, এবার সরকারি মূল্য আর বাইরে বাজারের মূল্য প্রায় একই। এ ছাড়া খাদ্যগুদামে ধান দিতে গেলে অ্যাপে নিবন্ধন, লটারিসংক্রান্ত ঝামেলা, পরিবহন খরচসহ নানা ঝক্কি পোহাতে হয়। তাই তাঁরা গুদামে ধান দিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। 

স্থানীয় কৃষক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১০টি উপজেলার ১৩টি খাদ্যগুদামে ৬ হাজার ৮৮২ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ ছাড়া মিলারের কাছ থেকে ১৯ হাজার ৫৯৯ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করার কথা। ১৭ নভেম্বর ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি অভিযান শেষ হওয়ার কথা রয়েছে। প্রতি কেজি ধানের দাম ২৮ টাকা ও সেদ্ধ চালের দাম ৪২ টাকা ধরা হয়েছে। কিন্তু গত রোবাবার সন্ধ্যা জেলায় ১ শতাংশ ধানও সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। তবে চাল সংগ্রহ হয়েছে প্রায় ৫ হাজার মেট্রিক টন। জেলায় ধানমাড়াইয়ের কাজ এখন প্রায় শেষ। ১ লাখ ২৫ হাজার হেক্টর জমিতে প্রায় ৫ লাখ মেট্রিক টন আমন ধান উৎপাদিত হয়েছে। 

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাদ্যগুদামে ধান বিক্রি করতে হলে নিবন্ধন, লটারি, আর্দ্রতা যাচাই, পরিবহন খরচসহ নানা রকমের ঝামেলা পোহাতে হয় কৃষকদের। এতে তাঁরা গুদামে ধান দিতে আগ্রহী নন। এবার সরকারি মূল্য বাজারের মূল্যের কাছাকাছি হওয়ায় কৃষকেরা খাদ্যগুদামে ধান বিক্রি করতে আসেননি। স্থানীয় বাজার আমন ধান প্রতি কেজি প্রায় ২৬ টাকায় বিক্রি হচ্ছে। 

কলমাকান্দার পাগলা গ্রামের কৃষক জীবন দেবনাথ বলেন, ‘আমি কোনো সময় গুদামে ধান দিইনি। শুনছি গুদামে ধান দিতে গেলে নানা ঝামেলা আছে।’  

এদিকে ৭৪টি মিলের মালিকের কাছ থেকে ১৯ হাজার ৫৯৯ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন সংগ্রহ হয়েছে। 

খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলায় ২১৯টি চাতালকল রয়েছে। কিন্তু এবার ৫৫টি চাতালকলের বরাদ্দ বাতিল করা হয়েছে। এর মধ্যে সদর, কেন্দুয়া ও পূর্বধলায় তিনটি অটোমেটিক রাইস মিল রয়েছে। বাকি ৫২টিই হাসকিং রাইস মিল। বাতিল করা মিলগুলোর সরকারি গুদামে চাল দেওয়ার সুযোগ থাকছে না। 

এসব চালকলের কোনোটাতে পরিবেশের ছাড়পত্র নেই, কোনোটাতে ফায়ার সার্ভিস ও বয়লার সনদ নেই, কোনোটাতে বিএসটিআইয়ের অনুমোদন নেই, কোনোটায় চাল উৎপাদন বন্ধ হয়ে গেছে, কোনোটা বিক্রি হয়ে গেছে, কোনোটা উৎপাদনে অক্ষম আবার কোনোটাতে নিয়মিত পরিশোধিত বিদ্যুৎ বিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নেই। আবার যেসব মিলার গুদামে চাল দিচ্ছেন তাঁরা বলছেন, বাইরের বাজারে চাল সর্বনিম্ন ৪৬ টাকা কেজি। সুতরাং সরকারকে চাল দিতে গিয়ে প্রচুর টাকা লোকসানে পড়তে হচ্ছে তাঁদের। এ নিয়ে চুক্তিবদ্ধ মিলাররা দুশ্চিন্তায় আছেন। 

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান সাকি বলেন, মিল বন্ধের বিষয়টি সরকারের কর্মকর্তারা দেখে থাকেন। তাঁরা লাইসেন্স দেওয়ার ও বাতিলের এখতিয়ার রাখেন। 

এ ব্যাপারে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত পাঁচ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। তবে আশা করা যাচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই চাল সংগ্রহ অভিযান সফল হবে। তবে এখানো ধান সংগ্রহ হয়নি।