পার্কিংয়ে থাকা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে খাগড়াছড়ির সদর উপজেলার খাগড়াপুর এলাকায়
পার্কিংয়ে থাকা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে খাগড়াছড়ির সদর উপজেলার খাগড়াপুর এলাকায়

খাগড়াছড়িতে পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন, মালিককে খুঁজছে পুলিশ

খাগড়াছড়ি সদর উপজেলায় পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খাগড়াপুর এলাকায় মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্ক করে রাখা হতো। গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা এর মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর পিকআপ দুটি সেখান থেকে সরিয়ে ফেলেছেন চালক। এর পর থেকেই পিকআপের মালিককে খুঁজছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের খুঁজে পাওয়া যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটা গাড়ির সিটসহ ভেতরের অংশ পুড়েছে, অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, রাতে পুলিশ সুপারের নেতৃত্বে টহল টিম কাজ করছিল। এর মধ্যে মধ্যরাতে নাশকতার উদ্দেশ্যে পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। ঘটনার পরপর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। খুব বেশি ক্ষতি হয়নি। পিকআপ দুটির মালিককে খোঁজা হচ্ছে। খুঁজে পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।