
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চব্বিশের গণ–অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াপদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ–সংলগ্ন ঝোপঝাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১১ সদর কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে র্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াবদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ–সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ঝোপের ভেতরে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়। পরে মোড়ক খুলে একটি ৭ পয়েন্ট ৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের একটি কার্তুজ পাওয়া যায়।
র্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রটি জুলাই গণ–অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল। উদ্ধার করা অস্ত্র ও গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।