
চার দিন ধরে বৃষ্টি। এতে দিনমজুরেরা বিপাকে পড়েছেন। কাজ পাচ্ছেন না তাঁরা। বুধবার ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় নিউ গুলশান সিনেমা হলের কাছে ভ্রাম্যমাণ শ্রমিকের হাটে গিয়ে দেখা গেল, দিনমজুরদের কাজ না পাওয়ার হা–হুতাশ। প্রতিদিন এখানে রাজমিস্ত্রি, মাটি কাটার শ্রমিক, রংমিস্ত্রি, স্যানিটারি ও কাঠমিস্ত্রিসহ বিভিন্ন ধরনের অর্ধশতাধিক শ্রমিক আসেন।
এই হাটে কথা হয় ছয় সন্তানের বাবা জাহাঙ্গীর হোসেনের (৪৮) সঙ্গে। নিজের আর্থিক দৈন্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘হাত-পা নাড়াইলে পেডে ভাত আহে। হাত-পা না নড়লে পেটে খাওনও বন্ধ থাহে। এক দিন কামে না গেলে ছয় পোলা–মাইয়া লইয়্যা কষ্টে দিন যায়। গত তিন দিন ধইর্যা মেঘ–বৃষ্টি হইতিয়াছে, তাই কাম কাইজ নাই। কেমনে যে সময়ডা যাইতিয়াছে তা কেবল আমিই হারে হারে টের পাইতেয়াছি।’
জাহাঙ্গীরের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার বাউফল গ্রামে। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে। হাড়ভাঙা পরিশ্রম করে গ্রামের বাড়িতে রেখেই ছয় সন্তানকে পড়াশোনা করাচ্ছেন তিনি। এর মধ্যে বড় মেয়ে ঝর্ণা আক্তার দ্বাদশ শ্রেণির ছাত্রী, ছেলে মুসা এসএসসি পরীক্ষা দেবে। মেজ মেয়ে মরিয়ম আক্তার অষ্টম শ্রেণির, অপর মেয়ে সুমাইয়া আক্তার (১১) পঞ্চম শ্রেণির ছাত্রী। ছোট দুই ছেলের বিদ্যালয়ে যাওয়ার বয়স হয়নি।
জাহাঙ্গীর বলেন, ‘আমি দিনমজুরের কাজ করে কোনোদিন ৬০০, আবার কোনোদিন ৭০০ টাকা মজুরি পাই। তার মধ্যে কাজ প্রতিদিন হয় না। অনেক সময় ওভারটাইমও করতে হয়। তিন দিন ধরে বৃষ্টি চলছে। পেটের তাগিদে বৃষ্টি উপেক্ষা করে কাজে আসতে হয়। গত দুই–তিন দিন ধরে কাজ হয়নি। আজও বসে আছি। বর্তমান অবস্থায় আমার নিজের খাওয়াদাওয়া ও ঘর ভাড়ার ব্যবস্থা করতে পারছি না। সংসার কীভাবে চালাব এ নিয়ে চিন্তায় আছি।’
শ্রমিকের ওই হাটে বসে ছিলেন মো. নেছারউদ্দিন (৫২)। দুপুর হয়েছে, তখনো কাজ পাননি। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার জিয়নকাঠি গ্রামে। কেরানীগঞ্জের একটি মেসে থাকেন। গত ৩০ বছর ধরে দিনমজুরের কাজ করছেন।
শ্রমিকের ওই হাটে বসে ছিলেন মো. নেছারউদ্দিন (৫২)। দুপুর হয়েছে, তখনো কাজ পাননি। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার জিয়নকাঠি গ্রামে। কেরানীগঞ্জের একটি মেসে থাকেন। গত ৩০ বছর ধরে দিনমজুরের কাজ করছেন। গ্রামে তাঁর দুই ছেলে আছে। তারা মাদ্রাসায় পড়াশোনা করে। তাদের খরচ দিতে হয়।
বর্তমানে যে টাকা পান, তাতে সংসার চালাতে হিমশিম খেতে হয় জানিয়ে নেছারউদ্দিন বলেন, ‘আমাদের কোনো খেতখামার নেই যে চাষাবাদ করে উপার্জন করব। তাই বাধ্য হয়ে এখানে এসে দিনমজুরের কাজ করছি। তাতেও কষ্টে দিন কাটে। দিন দিন জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমগো তো দাম বাড়ে না। সকাল–সন্ধ্যা কাম করে সাত শ টাকা পাই। পাঁচ বছর আগে যে মজুরি পাইতাম, এখনো তা পাই। কিন্তু মাঝখানে জিনিসপত্রের দাম কত গুণ বাইড়া গেল।’
প্রতিদিনের মতো কাজের আশায় নিউ গুলশান সিনেমা হলের সামনে শ্রমিকের হাটে এসেছিলেন রাজমিস্ত্রি রফিকুল ইসলাম (৪৫)। তিনি বলেন, ‘লোকজন এসে তাঁদের বাড়িঘরের কাজ করানোর জন্য দরদাম করে আমাদের নিয়ে যায়। করোনার পর থেকে আমাদের কাজ অনেকটা কমে গেছে। দিন দিন জিনিসের দাম বাড়ছে। কিন্তু আমাদের মজুরি বাড়ে না। তা ছাড়া আগের মতো কাজের চাহিদাও নেই।’