সিরাজদিখানে আবাসন ব্যবসায়ীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আবাসন ব্যবসা নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষের সময় টেঁটা হাতে কয়েক ব্যক্তি। মঙ্গলবার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবাসন ব্যবসায়ীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার এলাকায় এ ঘটনায় ঘটে।

এ ঘটনায় একপক্ষের ১৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন অন্তত আটজন। স্থানীয় আবদুল বাতেন হাজী ও আল ইসলামের এশিয়ান নিরাপদ সিটি নামের আবাসন ব্যবসা রয়েছে।

তাঁদের প্রতিপক্ষ সুমন মিয়া ও কামিজুদ্দিন কামুর রয়েছে দক্ষিণা গ্রিস সিটি নামের আবাসন। কামিজুদ্দিনের পক্ষের লোকজন প্রথমে আবদুল বাতেন হাজির পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুল হক প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন ধরে এ এলাকায় উত্তেজনা চলছিল। তবে পক্ষ দুটি আমাদের বলেছিল, তাঁরা কোনো ঝামেলা করবে না। এরপরও আজ সকাল সাড়ে ৬টার দিকে কামিজুদ্দিনের পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাবসহ থানা ও জেলা পুলিশের ৬০ থেকে ৭০ জন সদস্য মোতায়েন করা হয়।’

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও আবাসন ব্যবসাকে কেন্দ্র করে ওই দুই পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই নিয়ে গত এক মাসে একাধিকবার সংঘর্ষ হয়। আজ ভোর সাড়ে ৬টার দিকে কামিজুদ্দিনের পক্ষের লোকজন প্রতিপক্ষের লোকজনের ওরপর অতর্কিতভাবে হামলা চালায়।

এ সময় প্রতিপক্ষের আল ইসলাম, খালেক মিয়া, জব্বার মিয়া, মো. শাহ আলী, দ্বীন ইসলামসহ প্রায় ১০ জনের ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে খালেক, আহসান, আবদুর রাজ্জাকসহ আট জন টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে লুকিয়ে চিকিৎসা নিয়েছেন।

বালুচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজি মো. আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা স্থানীয়ভাবে প্রশাসনের সহযোগিতা নিয়ে এলাকায় তাঁদের সংঘর্ষ বন্ধের জন্য বারবার চেষ্টা করছি। পক্ষ দুটি কোনোভাবেই কাউকে মানছে না। তাঁরা সুযোগ পেলেই একে অপরের ওপর হামলা করছে, সংঘর্ষে জড়াচ্ছে।’

স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, কিছুদিন আগে বাতেনের পক্ষের লোকজন কামিজুদ্দিনের পক্ষের লোকজনের বাড়িঘর ও আবাসন প্রতিষ্ঠানের কার্যালয় ভাঙচুর করেছিল। আজ কামিজুদ্দিনদের লোকজন বাতেনের লোকজনের বাড়িঘর ভাঙচুর করেছেন। এভাবে সংঘর্ষ, পাল্টা সংঘর্ষ চলছে। এলাকার মানুষ তাঁদের যন্ত্রণায় অতিষ্ঠ।

স্থানীয় নাজমুল ব্যাপারী প্রথম আলোকে বলেন, কয়েক বছর আগে বালুচরে নিয়মিত ‘টেঁটাযুদ্ধ’ হতো। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। মাঝখানে কয়েক বছর ‘টেঁটাযুদ্ধ’ বন্ধ থাকায় এলাকার মানুষজন শান্তিতে ছিলের। নতুন করে আবার দুই পক্ষ ‘টেঁটাযুদ্ধ’ শুরু করেছে। এতে এলাকার মানুষজন আতঙ্কে রয়েছে। ‘টেঁটাযুদ্ধের’ সঙ্গে যাঁরা জড়িত তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।