আস্তাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ভাঙন ঠেকানোর জন্য বালুর বস্তা ফেলা হয়েছে। গতকাল লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আস্তাইল গ্রামে
আস্তাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ভাঙন ঠেকানোর জন্য বালুর বস্তা ফেলা হয়েছে। গতকাল লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আস্তাইল গ্রামে

লোহাগড়ায় মধুমতীর ভাঙন

এক মৌসুমে এক গ্রামের ৫৮টি পরিবার গৃহহীন

ভাঙনের মুখে রয়েছে অন্তত ১০০ পরিবারের বসতভিটা, বিদ্যালয়, পাকা সড়ক, গুচ্ছগ্রাম ও মসজিদ।

এবারের বর্ষা মৌসুমে মধুমতী নদীতে বিলীন হয়েছে অন্তত ৫৮টি পরিবারের বসতভিটা। একের পর এক নদীতে ভেঙে যাচ্ছে ফসলি জমি। ভাঙনের মুখে রয়েছে অন্তত ১০০ পরিবারের বসতভিটা ছাড়াও বিদ্যালয়, পাকা সড়ক, গুচ্ছগ্রাম ও মসজিদ। এ অবস্থা নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আস্তাইল গ্রামের।

ওই গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ঐতিহ্যবাহী জনপদ ছিল আস্তাইল গ্রাম। গত তিন দশকে গ্রামের সব পরিবার ভাঙনের শিকার হয়। পুরোনো গ্রামটি বিলীন হয়ে যায়। অনেকেই এলাকা ছেড়ে চলে যান। অসচ্ছলতার কারণে যাঁরা শহরে বা অন্যত্র যেতে পারেননি, তাঁরা নদীর অপর পারে বসতি গড়েন। সেখানে গড়ে ওঠে আস্তাইল গ্রাম। নদীর এ পারের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নেওয়া হয় সেখানে। সেখানে প্রতিষ্ঠা হয় মসজিদ, মাদ্রাসা, গুচ্ছগ্রামসহ নানা স্থাপনা। সেখানেও ভাঙন শুরু হয় গত পাঁচ বছর ধরে। ভাঙনে সেই জনপদের অস্তিত্ব এখন বিলীন প্রায়।

গতকাল রোববার গিয়ে দেখা যায়, আস্তাইল গ্রামে ভাঙন অব্যাহত আছে। ভাঙনের শিকার এলাকার মানুষ অন্যের জায়গায় বা রাস্তার পাশে ছাপরা তুলে বসবাস করছেন। অধিকাংশ পরিবারের ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। শেষ সম্বল বসতভিটা হারিয়ে এখন তারা দিশাহারা।

গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, গত চার মাসে অন্তত ৫৮টি পরিবারের বসতভিটা ও বাড়ির গাছপালা নদীতে বিলীন হয়েছে। গত বছর নদীতে গেছে প্রায় ১০০ পরিবারের ঘরবাড়ি। এসব পরিবারের ফসলি জমি আগেই নদীতে বিলীন হয়েছে।

গ্রামের জাহাঙ্গীর শেখের ৪৫ শতাংশ জমির ওপর ছিল বসতভিটা। বাড়িতে ফলের গাছ ছিল। এতে সংসার খরচ অনেকটা মিটে যেত। ওই জমি গত মাসে নদীতে বিলীন হয়েছে। জাহাঙ্গীর শেখ বলছিলেন, ‘নদীতে আমার সব ফসলি জমি চলে গেল। বর্গা চাষ করে ও বাড়ির গাছাপালার আয় দিয়ে কোনোমতে চলত ৯ সদস্যের সংসার। এখন ঘরবাড়ি অন্যের বাড়িতে নিয়ে ছাপরা তুলে বসবাস করছি। পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।’

গ্রামের বাসিন্দা জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অনিক শেখ বলেন, বর্ষা মৌসুমে ৫৮টি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়েছে। গত বছর নদীতে চেলে গেছে এলাকার প্রায় ১০০ পরিবারের বসতভিটা। পানি উন্নয়ন বোর্ড গত শনিবার থেকে ভাঙনে বালুর বস্তা ফেলছে। এই প্রথম এখানে ভাঙন ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষার আগে বস্তা ফেললে হয়তো ওই পরিবারগুলো নিঃস্ব হতো না।

অনিক শেখ আরও বলেন, মূলত আস্তাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু পুরো ভাঙন এলাকায় বস্তা না ফেললে বা ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা না নিলে গ্রামের আরও ১০০ পরিবার নিঃস্ব হবে। ভাঙনে গুচ্ছগ্রাম ও আশপাশের গ্রামগুলোও বিলীন হবে।

পাউবো নড়াইলের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, আস্তাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। পর্যায়ক্রমে আশপাশের বাড়িঘর বাঁচানোর জন্যও ব্যবস্থা নেওয়া হবে।