
মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার শেখ হাসিনা মহাসড়কের মোস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম মোয়াজ্জেম মাতুব্বর (৫৫)। তিনি সদর উপজেলার হাজরাপুরের চরপুটিয়া এলাকার মেহের মাতুব্বরের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জীবিকার তাগিদে মোয়াজ্জেম তাঁর ব্যাটারিচালিত ভ্যানগাড়িটি নিয়ে নিজ বাসা থেকে বের হন। যাত্রী নামিয়ে মোস্তফাপুরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনের ছোট সড়ক থেকে বড় সড়কে (শেখ হাসিনা মহাসড়ক) উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁর ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় ভ্যানটি। এ সময় ভ্যানচালক মোয়াজ্জেম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা একটার দিকে তিনি মারা যান।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশের সহকারী সার্জেন্ট মো. রুহুল বলেন, যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই ভ্যানচালক। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।