যশোরে সাত বছরের এক শিশুকে বেড়াতে নেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির এক স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির নাম হাফিজুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি সাতক্ষীরায়, তবে যশোর মেডিকেল কলেজ–সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি যশোর শহরে এক স্বজনের বাড়িতে থেকে পড়াশোনা করে। গতকাল সোমবার বিকেলে স্বজন হাফিজুল তাকে বেড়াতে নেওয়ার কথা বলে নিজের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে শিশুটির ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। রাত নয়টার দিকে শিশুটিকে বাড়িতে পৌঁছে দিলে সে নানিকে বিষয়টি জানায়। পরে আজ মঙ্গলবার সকাল আটটার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা শিশুটির পোশাকে ধর্ষণের আলামত পেয়েছেন বলে জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। তিনি বলেন, বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত। এ ঘটনায় কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।