
হাইওয়ে পুলিশের কর্মকর্তা পরিচয়ে মহাসড়কে একটির পর একটি অটোরিকশা থামিয়ে চাঁদাবাজি করছিলেন তিনি। একটি অটোরিকশাকে আটকে রেখে চাঁদা দাবির সময় দেখতে পান মহাসড়ক দিয়ে আসছে হাইওয়ে পুলিশের একটি গাড়ি। এ সময় কৌশলে পালানোর চেষ্টা করেন ওই ভুয়া পুলিশ কর্মকর্তা। ভুক্তভোগী অটোরিকশাচালকের সন্দেহ হলে তিনি হাইওয়ে পুলিশের গাড়িটিকে থামিয়ে বিষয়টি জানান। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা ধাওয়া দিয়ে গ্রেপ্তার করেন ওই ভুয়া পুলিশকে।
গতকাল রোববার রাত আটটার দিকে ফেনী সদর উপজেলার বাথানিয়া গ্যাস কোম্পানির কার্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৩০)। তিনি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আবুল কালাম আজাদ নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালক ফেনী মডেল থানায় মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেন, সন্ধ্যায় গ্যাস নিতে তিনি মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে যান। ফেরার পথে মহাসড়কে গাড়ি চালানোর অপরাধের কথা বলে তাঁর কাছ থেকে পুলিশ পরিচয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন মো. আলাউদ্দিন।
পরে এক হাজার টাকা দিয়ে ছাড়া পান তিনি। এরপর আরও একটি অটোরিকশাকে একই কায়দায় আটক করে চাঁদা দাবির চেষ্টা করছিলেন মো. আলাউদ্দিন। এ সময় তিনি ধরা পড়েন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আটকের পর মো. আলাউদ্দিনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী অটোরিকশাচালকের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।