
কুষ্টিয়ার খোকসা উপজেলায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে পাঁচ বছরের এক শিশুকে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. তাজুল ইসলাম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি নাছিমা খাতুন (৫০) কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের মো. বাদশার দ্বিতীয় স্ত্রী। তিনি শিশুটির সৎমা ছিলেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, ২০০৫ সালের দিকে ৭ ও ৫ বছরের দুই ছেলে শিশুসন্তান রেখে বাদশার প্রথম স্ত্রী চম্পা খাতুন মারা যান। এরপর কুমারখালী উপজেলার চর ভবানীপুর গ্রামের উস্তার মৃধার মেয়ে নাছিমা খাতুনকে বিয়ে করেন তিনি। নাছিমার সংসারেও এক ছেলেশিশুর জন্ম হয়। প্রথম স্ত্রীর দুই সন্তান তাদের নানাবাড়িতে থাকত।
২০০৮ সালের ২০ সেপ্টেম্বর তারা ঈদের জামাকাপড় কেনার জন্য তাদের বাবার বাড়িতে আসে। এ সময় নাছিমাও বাড়িতে ছিলেন। পরদিন ২১ সেপ্টেম্বর কৃষক বাদশা মাঠে কাজ করতে যান। ওই দিন দুপুরে প্রথম স্ত্রীর ছোট ছেলে শাহিনকে (৫) ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাবার খেতে দেন নাছিমা। খাওয়ার কিছুক্ষণ পর শাহিন অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনায় বাদশা বাদী হয়ে নাছিমাকে আসামি করে খোকসা থানায় হত্যা মামলা করেন।
মামলায় গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন নাছিমা। মামলার তদন্ত শেষে ২০০৯ সালের ২৭ জানুয়ারি একমাত্র আসামি ও শাহিনের সৎমা নাছিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা খোকসা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। দীর্ঘ শুনানি শেষে রোববার এই মামলার রায় ঘোষণা করেন আদালত।
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী প্রথম আলোকে বলেন, আদালত বলেছেন, মায়ের কোল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। শাহিন মাহারা ছিল। প্রয়োজনের তাগিদেই বাদী বিয়ে করে শাহিনকে মায়ের একটা আশ্রয়স্থল দিয়েছিলেন। পূর্বপরিকল্পিতভাবে শিশু শাহিনকে হত্যা করা হয়েছে।