
ঢাকার ধামরাই উপজেলায় বাসের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন মো. ইসরাফিল হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার (২৫)। তাঁরা ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকার বাসিন্দা। দুজনই স্থানীয় শ্রীরামপুর এলাকায় শ্রীরামপুর গ্রাফিকস টেক্সটাইল নামে পোশাক কারখানায় কাজ করতেন।
গোলড়া হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে শোলধন এলাকার বাড়ি থেকে ইসরাফিল তাঁর স্ত্রীকে নিয়ে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। ইসরাফিল সাইকেল চালিয়ে যাচ্ছিলেন আর তাঁর স্ত্রী পেছনে বসে ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে জামান এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী বাস ওই সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইসরাফিল ও স্বপ্না গুরুতর আহত হন। তৎক্ষণাৎ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
ওসি মো. মাসুদ খান বলেন, নিহত দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও সাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।