
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এক শিক্ষককে ধরে এনে মারধরের ঘটনায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ওরফে রনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক বসির উদ্দিনের স্ত্রী সিফাত-ই মনোয়ার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে চন্দ্রা ত্রিমোড় এলাকার বঙ্গবন্ধু সরকারি বিদ্যালয়ের অফিসকক্ষে সহকারী শিক্ষক বসির উদ্দিন ও প্রধান শিক্ষক আনন্দ কুমার সাহা গল্প করছিলেন। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদল কর্মী রাকিব হাসানসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ের অফিসকক্ষে ঢোকেন। পরে সহকারী শিক্ষক বসির উদ্দিনকে জোর করে ধরে বিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে যান। সেখানে তাঁকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা রাশেদুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন যুবদল কর্মী এলোপাতাড়ি মারধর করেন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিজভী আহামেদ দেখতে পেয়ে রক্ষা করতে গেলে তাঁকেও এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন হামলাকারীরা। পরে বিদ্যালয়ের দপ্তরিসহ আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্কুলশিক্ষকসহ দুজনকে পিটিয়ে জখম করার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে রাতেই জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে দলের সিদ্ধান্তে রাশেদুলকে বহিষ্কার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জামিল হোসেন বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।