ছেলে হত্যার বিচার চেয়ে রাস্তায় মা-বাবা ও স্বজনেরা

রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন নিহত হারুনুর রশিদের মা-বাবা ও স্বজনেরা। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে
ছবি: সংগৃহীত

ছেলে হত্যার বিচার চেয়ে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছেন মা-বাবা ও স্বজনেরা। আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে মানববন্ধন করে হত্যাকারীদের ফাঁসি দাবি করেন তাঁরা। মানববন্ধনে মা-বাবা ছাড়াও এলাকাবাসী অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত হারুনুর রশিদের (৩৩) মা কহিনুর বেগম, বাবা আবদুল মান্নান, বোন জ্যোৎস্না বেগম, শান্তা আক্তার, ভাই রিয়াজ হোসেন বক্তৃতা করেন। এলাকার শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

মানববন্ধনে নিহত হারুনুর রশিদের মা কহিনুর বেগম বলেন, পাঁচ মাস আগে তাঁর ছেলের সঙ্গে বিয়ে হয় আমেনা আক্তার বৈশাখীর। গত সোমবার রাতে হারুন তাঁর শ্যালিকার জন্মদিনের অনুষ্ঠানে যান। সেখানে তাঁর স্ত্রীর বড় বোনের স্বামী জুয়েলসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাত তিনটার দিকে শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে হারুনের মৃত্যুর খবর পান। তিনি আরও বলেন, ছেলেকে তাঁর শ্যালিকার জন্মদিনে দাওয়াতে ডেকে নিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। ছেলের মাথা ও গলায় জখমের চিহ্ন আছে।

গত মঙ্গলবার সকালে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা এলাকায় শ্বশুরবাড়ি থেকে যুবক হারুনুর রশিদের লাশ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের গোড়া হামিদের বাড়ির আবদুল মান্নানের ছেলে।

মানববন্ধনে স্বজনদের সঙ্গে এলাকাবাসীও অংশ নেন। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে

এ ঘটনায় গতকাল বুধবার রায়পুর থানায় হত্যা মামলা করেন নিহত হারুনের বোন জ্যোৎস্না আক্তার (২৮)। মামলার পর নিহত হারুনের স্ত্রী আমেনা আক্তার বৈশাখী (১৯), শাশুড়ি খুকি বেগম (৪৮) গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। মামলার আরেক আসামি হারুনের স্ত্রীর বড় বোনের স্বামী মো. জুয়েল (৩০) এখনো গ্রেপ্তার হয়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।