মিফতাহুল জান্নাত
মিফতাহুল জান্নাত

স্নাতকে ভর্তির প্রস্তুতির মধ্যেই থেমে গেল মিফতাহুলের জীবন

চট্টগ্রাম সিটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিলেন মিফতাহুল জান্নাত (১৯)। প্রস্তুতি নিচ্ছিলেন স্নাতকে ভর্তির। তবে স্নাতকে ভর্তির সেই স্বপ্ন আর পূরণ হলো না তাঁর। মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়েছে।

মিফতাহুল জান্নাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এস এম খায়রুজ্জামানের বাড়ির বাসিন্দা মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির মেয়ে। এসএসসি পরীক্ষার পর থেকেই আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার আমির আলী মাঝির বাড়ির নানাবাড়িতে থেকে পড়াশোনা করে আসছেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ পয়েন্ট ৫০ পেয়ে উত্তীর্ণ হন মিফতাহুল। একাডেমিক কাগজপত্র নিতে ১৭ নভেম্বর সকালে নানাবাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হন তিনি। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার ৫ মিনিটের মধ্যেই মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সড়কের এক পাশ পার হয়ে বিভাজকে দাঁড়ানোর পর অন্য পাশে পা রাখেন তিনি। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে মিফতাহুলকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

মিফতাহুলের মামা হারুনুর রশীদ বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মিফতাহুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হারুনুর রশীদ আরও বলেন, ‘মেয়েটিকে বাঁচাতে অনেক চেষ্টা করেছি, পারিনি। আমাদের সব চেষ্টা ব্যর্থ করে সে চলে গেল।’

আজ সোমবার বিকেলে আসরের নামাজের পর পটিয়ায় নিজ গ্রামে মিফতাহুলের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তাঁর মামা হারুনুর রশীদ। জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় ওই কলেজ ছাত্রী আহত হওয়ার পর থানায় একটি অভিযোগ আসে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।