খুলনা সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জাতীয় পার্টির শফিকুল

শফিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম। আজ রোববার তিনি রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ওই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক নেতা আবদুল গফ্ফার বিশ্বাসও মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন।

জানতে চাইলে শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছে তাই আমি জাতীয় পার্টির হয়ে মনোনয়নপত্র কিনেছি। অন্য কে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র নিয়েছেন, তা আমার দেখার বিষয় নয়। এটা নিয়ে আমি কোনো মন্তব্যও করতে চাই না।’

এদিকে ৫ মে বিকেলে জাতীয় পার্টির নেতা শফিকুল গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আওয়ামী লীগের একার সম্পত্তি নন, তিনি বাংলাদেশের সব মানুষের সম্পত্তি। তিনি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম নেতা। এ কারণেই তাঁর কবর জিয়ারত করা হয়েছে। কোনো রাজনৈতিক ফায়দা লুটার জন্য সেখানে যাওয়া হয়নি। জাতীয় পার্টির নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সব দলের নেতা–কর্মীদের সমান গুরুত্ব দিতেন, সে হিসেবে আমাদের কাছে বিএনপি-আওয়ামী লীগও সমান গুরুত্বপূর্ণ।’

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র সংগ্রহের সময় কে কোন দলের হয়ে মনোনয়নপত্র কিনছেন, সেটি আসলে মূল বিষয় নয়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় অনুমোদনপত্র আছে কি না, সেটাই আসল কথা। সে ক্ষেত্রে এখন কে কোন দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তা খুব বেশি যাচাই করে দেখা হয় না।’

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত মেয়র পদে মোট সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শফিকুলসহ সৈয়দ কামরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া আজ সাধারণ কাউন্সিলর পদে ১৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।